রোহিঙ্গা গণহত্যার রায়ে ইসরাইলের জন্যও কড়া বার্তা

মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায় নতুন করে গুরুত্ব বাড়িয়েছে ১৯৪৮ সালের গণহত্যা সনদের। একই সঙ্গে গাজায় ফ

মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায় নতুন করে গুরুত্ব বাড়িয়েছে ১৯৪৮ সালের গণহত্যা সনদের। একই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলাতেও এই রায়ের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আইসিজে ৯-৬ ভোটে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল। কোনো রাষ্ট্র সরাসরি গণহত্যার জন্য দায়ী—আইসিজের ইতিহাসে এমন রায় এই প্রথম। এই রায়ের গুরুত্ব শুধু রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচারেই সীমাবদ্ধ নয়।

গণহত্যার উদ্দেশ্য কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে আদালত যে ব্যাখ্যা দিয়েছেন, তা ভবিষ্যতে রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে আদালত আগের আইনি মানদণ্ডই বহাল রেখেছেন। অর্থাৎ, কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ হতে হবে। তবে আদালত স্পষ্ট করেছেন, কোনো জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা বা শাস্তি দেওয়ার মতো উদ্দেশ্য গণহত্যার অভিপ্রায়ের পাশাপাশি থাকতে পারে। অন্য উদ্দেশ্য থাকলেই গণহত্যার অভিপ্রায় নাকচ হয়ে যায় না।

মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আদালত শুধু নিহত মানুষের সংখ্যা বিবেচনায় নেননি। উত্তর রাখাইনে লক্ষ্যবস্তু করা প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার সামগ্রিক পরিস্থিতি, বেঁচে যাওয়া মানুষের মানসিক ক্ষতি, যৌন সহিংসতা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রজনন সক্ষমতার ওপর প্রভাবও মূল্যায়ন করেছেন। রায়ে শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের পর ব্যাপকভাবে জমি পরিষ্কার করে সেখানে নতুন স্থাপনা নির্মাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযানের ক্ষেত্রে এসব বিষয় প্রাসঙ্গিক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের গণহত্যাবিষয়ক আইন বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস বলেন, মিয়ানমারের বিরুদ্ধে রায়ে ইসরাইলের জন্যও অনেক বার্তা রয়েছে।

তার মতে, দুই মামলার প্রমাণ ও পরিস্থিতিতে পার্থক্য থাকলেও রায়ের যুক্তিগুলোর বড় অংশে মিয়ানমারের জায়গায় ইসরাইলের নাম বসালেও খুব বেশি পরিবর্তন করতে হতো না। গাম্বিয়ার পক্ষে আইনি দলে থাকা আন্তর্জাতিক আইনজীবী ফিলিপ স্যান্ডসের মতে, এই রায় গণহত্যা সনদকে কার্যকর ও বাস্তব অর্থ দিয়েছে। তার ভাষায়, বিকল্প সিদ্ধান্ত হলে সনদটি কার্যত অর্থহীন হয়ে পড়ার ঝুঁকি ছিল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗