যেভাবে হুথি হামলায় ক্ষতিগ্রস্ত হলো রিয়াদের আকাশচুম্বী ভবন

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি আকাশচুম্বী ভবনে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। এতে ভবনটির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি আকাশচুম্বী ভবনে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। এতে ভবনটির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত ভবনটি দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর।

এটি রিয়াদের সবচেয়ে উঁচু ভবন। বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, হুথিদের হামলায় ভবনটি ও আশপাশের স্থাপনাগুলোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথিদের হামলার নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেসামরিক স্থাপনা, বিশেষ করে রিয়াদের ওই ভবনে হামলার নিন্দা জানাচ্ছে সৌদি আরব। বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে।’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে এবং এ ধরনের ‘জঘন্য হামলার’ নিন্দা জানাতে হবে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া এক পোস্টে জানান, রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় জোটের বাহিনী ব্যবস্থা নিয়েছে। কয়েক ঘণ্টা পর পৃথক এক পোস্টে তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ইয়েমেন সীমান্তবর্তী ওই অঞ্চলে হামলা চালানো হয়। এদিকে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করে। পরে বিপদ কেটে গেছে বলে জানানো হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗