নাশকতার প্রতিবাদ ও বিজয়ের মাস ঘিরে ৪০ দিনের কর্মসূচি জামায়াতের
সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদসহ দেশের চলমান বিভিন্ন ইস্যু এবং বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী সমাবেশ, মিছিল, আলোচনা সভা, র্যালি, সামাজিক কার্যক্রম ইত্যাদি। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে গত বুধবার অনুষ্ঠিত জামায়াতের নির্বাহী পরিষদের সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত হয়। গোলাম পরওয়ার বলেন, আমাদের সমস্ত কর্মসূচি হবে একক দলীয় কর্মসূচি; জোটের শরিক দলগুলো নিজ নিজ জায়গা থেকে আলাদা কর্মসূচি ঘোষণা করবে।
তিনি বলেন, জনগণ, সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা উচিত হলেও সরকার তা অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনতাকে ঐক্যবদ্ধ রাখতে চায়। এই পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে দলগতভাবে ৪০ দিনব্যাপী টানা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর একই ইস্যুতে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হবে। ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। জেলা সংগঠন এই সমাবেশ আয়োজন করবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল হবে।
উপজেলা/থানা সংগঠন এই মিছিলের আয়োজন করবে। ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে—২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা; ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা; ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা ও ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজন করা হবে। এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া; ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা; ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা; ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান কর্মসূচি পালিত হবে।
মতামত দিন