জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণ প্রকল্পের অর্থায়নের উৎস, অর্থদাতাদের পরিচয়, অনুমোদন প্রক্রিয়া ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের নিরপেক্ষ পর্যালোচনা এবং সব ধর্ম ও জাতিসত্তার শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. তারিফ আহম্মেদ তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য, কর্মসূচি ও বিতর্ক তৈরি হয়েছে। একদিকে উদ্যোগটির সমর্থকেরা ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টি সামনে আনছেন; অন্যদিকে একদল শিক্ষার্থী প্রকল্পটির প্রয়োজনীয়তা, অর্থায়নের উৎস, স্থায়ী ধর্মীয় স্থাপনা নির্মাণের নীতিগত ভিত্তি এবং বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর বক্তব্যের অভিযোগও সামনে এসেছে। এ পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডিএস। সংগঠনটির মতে, ধর্মীয় স্বাধীনতা কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের অনুগ্রহ নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সংবিধানের ২৭, ২৮ ও ৪১ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী যেন বৈষম্য, বিদ্বেষ কিংবা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ হলে দীর্ঘদিন ধরে সরস্বতী পূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিমা নির্মাণের বিরোধিতার নামে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার খর্ব করা কিংবা তাঁদের বিশ্বাস ও উপাস্য দেবদেবীকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে প্রতিমা নির্মাণের বিরোধিতাকারী শিক্ষার্থীদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারও সমানভাবে সংরক্ষণ করতে হবে। সংগঠনটি আরও জানায়, প্রতিমা নির্মাণের প্রয়োজনীয়তা, অর্থায়ন কিংবা বিশ্ববিদ্যালয়ের নীতিগত অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন ও সমালোচনাকে স্বয়ংক্রিয়ভাবে সাম্প্রদায়িকতা হিসেবে চিহ্নিত করা উচিত নয়। আবার মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানোর সুযোগও থাকা উচিত নয়। এ ক্ষেত্রে সব পক্ষের অধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। প্রকল্পের অর্থায়ন ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিমা নির্মাণ প্রকল্পে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের তথ্য বিক্ষোভকারীদের পক্ষ থেকে সামনে আনা হয়েছে।
তবে প্রকল্পটির প্রকৃত ব্যয় কত, অর্থের উৎস কী, কারা অর্থদাতা, কী প্রক্রিয়ায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে এবং কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে—এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি অর্থায়নের উৎস কিংবা বিদেশি প্রভাব নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া কোনো অনুমাননির্ভর অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এ ধরনের বিতর্কের গ্রহণযোগ্য সমাধানের জন্য অনুমান বা পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও তথ্যভিত্তিক পর্যালোচনা প্রয়োজন।
মতামত দিন