মার্ক্স-লেনিন নয়, এসএফআইয়ের স্টলেও ‘হট কেক’ শ্যামাপ্রসাদ! বইপাড়ায় হু হু করে বিক্রি
বুকস্টল নিয়ে এসএফআই-এবিভিপির সংঘর্ষ, হাতাহাতিতে দিন দুই ধরে তপ্ত কলেজ স্ট্রিট। রাস্তায় বই সাজিয়ে বসে বিক্রি করেছেন এসএফআই। তার উলটোদিকে এবিভিপিও স্টল দিতে চেয়েছিল। আর তা নিয়েই এত অশান্তি। তবে শুধু অশান্তি, হাতাহাতিই নয়। এত কিছুর মধ্যেও বই বিক্রি কম হয়নি। তার চেয়েও চমকপ্রদ তথ্য, এসএফআইয়ের বুকস্টল থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মার্ক্স-লেনিন নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর লেখা বই! ‘ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’ নামে বইটিই ছিল ‘হট কেক’। এমন তথ্য মিলছে এসএফআই সূত্রে।
কটাক্ষ করে এবিভিপির প্রতিক্রিয়া, এতদিন তো বাংলার আইকনকে উপেক্ষা করেছিল বামপন্থীরা। আশীষ লাহিড়ীর লেখা শ্যামাপ্রসাদের এই বইটি সবচেয়ে বেশি বিক্রি হল এসএফআইয়ের বুকস্টলে, ছবি: সংগৃহীত মঙ্গল ও বুধবার বইপাড়ায় বেনজির ‘বইযুদ্ধ’ দেখেছেন শহরবাসী। এসএফআইয়ের বুকস্টল লক্ষ্য করে এবিভিপির ক্যাম্প থেকে উড়ে আসা ঢিল, ডিম, চকোলেট বোমা থেকে বাঁচতে মাথায় চেয়ার নিয়ে আত্মরক্ষা করতে দেখা যায় তরুণ কমরেডদের। এই কঠিন সময়েও বুক দিয়ে আগলে বইগুলি বাঁচিয়েছেন তাঁরা। তার সুফলও পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের স্টল থেকে বইও কম বিক্রি হয়নি। তবে যে বইটি বিক্রি হল সবচেয়ে বেশি, তা নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। বিখ্যাত ইতিহাস গবেষক, লেখক-প্রাবন্ধিক আশীষ লাহিড়ীর লেখা ‘ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’ বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এসএফআইয়ের স্টল থেকে। অথচ উলটোদিকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ভারতমাতার বই নিয়ে বসেছিল এবিভিপি।
সেখানকার বিকিকিনি নিয়ে অবশ্য খবর নেই। ১৮ নভেম্বর, বুধবার। কলেজ স্ট্রিটে এসএফআই বুকস্টলের সামনে এবিভিপিও স্টল দিতে চেয়ে অশান্তি, ছবি: ফেসবুক স্বভাবতই প্রশ্ন উঠছে ‘ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’ বইয়ের বিষয়টি ঠিক কী? জানা যাচ্ছে, দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও ব্যাখ্যা রয়েছে এতে। যেমন রয়েছে ইতিবাচক নানা তথ্য, তেমনই তাঁর নেতিবাচক ভূমিকার কথাও এড়িয়ে যাওয়া হয়নি। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেসময় ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে যেভাবে তৎকালীন ব্রিটিশ শাসকদের সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন, বইতে তুলে ধরা হয়েছে। রয়েছে আরও নানা তথ্য, যাতে শ্যামাপ্রসাদের ভূমিকাকে রীতিমতো কাটাছেঁড়া করা হয়েছে। এই বইটি এসএফআইয়ের স্টলে রাখার কারণ হিসেবে বাম ছাত্র সংগঠনের সদস্যদের মত, ‘‘আমরা চেয়েছি, এই বইটি পড়ে মানুষ শ্যামাপ্রসাদকে ভালোভাবে চিনুক। আজ বিজেপি যেভাবে তাঁকে নায়ক সাজাচ্ছে, তাঁকে জনতার দরবারে মহান করে তুলে ধরছে, তা কতটা যুক্তিযুক্ত সেটা মানুষ বুঝুক।
কারও প্রতিক্রিয়া, স্কুলের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। তা করার আগে একবার বইটি পড়ে দেখে বিচার করুক। এদিকে, এবিভিপিও বইপাড়ায় নিজেদের বইয়ের সম্ভার সাজিয়ে বসার পরিকল্পনা করেছিল। কিন্তু সবটা সংগঠিত করতে পারেনি। এই পরিস্থিতিতে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই নিজেদের ‘আইকন’ মনে করে, তাঁকে নিয়ে বই বিক্রিতে এগিয়ে গেল এবিভিপির প্রতিপক্ষ এসএফআই। এনিয়ে উত্তর কলকাতার এবিভিপির শাখা আহ্বায়ক বিশাল নন্দীর মত, এতদিন বাংলার সব মনীষীদেরই ওরা উপেক্ষা করেছে। এঁদের সবাইকে খাটো করার চেষ্টা হয়েছে। এখন শ্যামাপ্রসাদের দৌলতে তাদেরই বই বিক্রি বেড়েছে। এবার সব বুঝবে।”
মতামত দিন