রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়ে

প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায়ে কোনো দেশকে এই প্রথম দায়ী করল বিশ্বের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই আদালতের রায়ের মধ্য দিয়ে সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ রায়কে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নজির হিসেবে দেখা হচ্ছে।

রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি বলেন, ‘আদালত পুরোপুরি নিশ্চিত যে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে।’ ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বাংলাদেশে পালিয়ে আসা এসব শরণার্থী প্রাপ্তবয়স্ক ও শিশুদের গণহত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ বিবরণ দিয়েছিলেন। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এই রায়ের দিকে বিভিন্ন দেশের সরকারও গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল। কারণ, গণহত্যার অভিযোগে ভবিষ্যতে অন্যান্য মামলার বিচারেও এই রায় গুরুত্বপূর্ণ নজির তৈরি করবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলার ক্ষেত্রে এর প্রভাব নিয়ে আগ্রহ রয়েছে।

নাৎসি হলোকাস্টের পর জাতিসংঘের উদ্যোগে গণহত্যার সংজ্ঞা নির্ধারণ করা হয়। যুদ্ধাপরাধের তুলনায় গণহত্যার অভিযোগ প্রমাণ করা কঠিন। কারণ, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ের প্রমাণ থাকতে হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের শিকার ব্যক্তিদের পক্ষে মামলাটি করে। এতে গণহত্যায় উসকানিমূলক বক্তব্য এবং রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত ধারাবাহিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়।

রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় পালিয়ে যাওয়া মানুষের ওপর গুলি চালানো এবং শরণার্থীদের প্রত্যাবর্তনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়। গত জানুয়ারিতে বাংলাদেশে অবস্থিত শরণার্থীশিবির থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষ্য শোনার উদ্যোগ নেয় আইসিজে। বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। অন্যদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছেন বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗