ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ ভেনেজুয়েলার অভিবাসীর আইনি সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাইল প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেওয়া অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিম্ন আদালত যে রায় দিয়েছিল, তা স্থগিতের আবেদন জানিয়েছে বিচার বিভাগ। বুধবার জরুরি ভিত্তিতে করা এ আবেদনে প্রশাসন বলেছে, সুরক্ষা পুনর্বহাল করা হলে অভিবাসন নীতি বাস্তবায়নে বড় ধরনের বাধা তৈরি হবে। সান ফ্রান্সিসকোভিত্তিক যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক এডওয়ার্ড চেন সম্প্রতি রায় দেন, ভেনেজুয়েলার অভিবাসীদের দেওয়া টিপিএস বাতিল করার এখতিয়ার প্রশাসনের নেই।
শুক্রবার থেকে ওই রায় কার্যকর হওয়ার কথা। এর আগে কোনো ফেডারেল আপিল আদালত বা সুপ্রিম কোর্ট রায়টি স্থগিত না করলে প্রশাসনকে তা মেনে চলতে হবে। ২০২৫ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট একবার চেনের ওই রায় স্থগিত করেছিলেন। ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভেনেজুয়েলার নাগরিকদের টিপিএস পুনর্বহাল করা হলে ৩৩২টি পর্যন্ত বহিষ্কারের আদেশ কার্যকর করা সম্ভব হবে না। একই সঙ্গে তাদের কাজের অনুমতিও দিতে হবে।
প্রশাসনের দাবি, এই সুরক্ষা পুনর্বহাল হলে ‘মারাত্মক ও তাৎক্ষণিক ক্ষতি’ হবে। ফেডারেল সরকারের আইনজীবীরা আদালতে লিখিত আবেদনে আরো বলেছেন, শুক্রবারের আগে সুপ্রিম কোর্ট আবার হস্তক্ষেপ না করলে প্রশাসনকে আটক থাকা প্রায় ১ হাজার ৮০০ ভেনেজুয়েলার নাগরিককে মুক্তি দিতে হতে পারে। অন্যদিকে, প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা অভিবাসী ও অধিকারকর্মীদের একটি সংগঠন আদালতকে জানিয়েছে, আগেরবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর থেকে টিপিএস পাওয়া ভেনেজুয়েলার অনেক নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কাউকে ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়েছে।
আবার কাউকে এমন তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে, যেখানে তাদের কোনো সম্পর্ক বা পরিচিতি নেই। এর আগে গত জুনে সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার কয়েক লাখ নাগরিকের টিপিএস বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পৃথক পদক্ষেপের পক্ষে রায় দিয়েছিলেন। এতে অভিবাসন বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের কঠোর নীতি আরো শক্তিশালী হয়। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এমন একটি আইনি মর্যাদা, যার আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিপর্যয়ে আক্রান্ত দেশের নাগরিকেরা নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পান।
মতামত দিন