ট্রাম্প-শি-পুতিন বৈঠকে আলোচ্যসূচিতে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশি

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাদের এই বৈঠকে ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তিন নেতা শেনজেনে পৌঁছেছেন এবং বহুল প্রতীক্ষিত বৈঠকের প্রস্তুতি চলছে। এটি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সম্মেলন। বৈঠকে ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন কোনো কাঠামো তৈরির আলোচনা শুরু করা।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট (নিউক্লিয়ার আর্মস রিডাকশন ট্রিটি) চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর বিদ্যমান সীমাবদ্ধতা উঠে গেছে। ট্রাম্প চান, নতুন কোনো চুক্তি হলে তাতে চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। তবে এ বিষয়ে বড় বাধা রয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, চীনের হাতে ৬০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের অস্ত্রভান্ডারে পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

এই পরিস্থিতিতে চীনের পক্ষে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই ধরনের সীমাবদ্ধতায় সম্মত হওয়ার আগ্রহ কম থাকতে পারে। অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক সংগঠন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল মনে করেন, বৈঠকটি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি আলোচনার সূচনা করতে পারে। তবে এক বৈঠকেই বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধের বিষয়েও আলোচনা করতে চান ট্রাম্প। তবে এ দুই সংঘাত নিয়ে তিন দেশের অবস্থানে পার্থক্য রয়েছে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনকে আলোচনার বাইরে রাখার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেন ছাড়াও জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোরও এসব আলোচনার ফলাফলে স্বার্থ রয়েছে। কিন্তু তাদের অংশগ্রহণ ছাড়াই তিন শক্তিধর দেশের নেতারা আলোচনা করছেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সামরিক বাহিনী স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল। ট্রাম্পের সফরসঙ্গী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট ব্যবস্থার কার্যক্রমে মাঝেমধ্যে সীমাবদ্ধতা আরোপের বিষয়টিও এ আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗