কেন রাশিয়া ও চীনকে যুক্তরাষ্ট্রের বন্ধু ভাবেন ট্রাম্প
রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বন্ধু না হলেও প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এসব দেশের নেতাদের বৈঠকগুলো বেশ অদ্ভুত, কারণ তিনি এসব কর্তৃত্ববাদী নেতার সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছেন না, বরং তাদের ব্যক্তিগত বন্ধু হিসেবে বিবেচনা করছেন। তাদের শাসন পদ্ধতির প্রশংসা করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা থেকেও বিরত থাকছেন। বৃহস্পতিবার দক্ষিণ চীনে চীনা নেতা শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে, সেখানেও হয়তো এমন পরিস্থিতি দেখা দিতে পারে। শেনঝেনে হতে যাওয়া ত্রিপক্ষীয় আলোচনার প্রতীকী তাৎপর্য অত্যন্ত স্পষ্ট।
তিনটি বড় শক্তি—যার প্রত্যেকেই নিজ নিজ ভৌগোলিক অঞ্চলে আধিপত্য বিস্তারের দাবি রাখে—তারা এমন এক কর্তৃত্বের বার্তা দেবে, যেখানে ছোট ও দুর্বল দেশগুলোকে ইচ্ছাকৃতভাবেই বাইরে রাখা হয়েছে। মার্কিন শত্রুদের সঙ্গে আলোচনা করা আর তাদের তোষামোদ করার মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। শেনঝেন সম্মেলনটি হয়তো এ দুই বিষয়ের মধ্যকার সীমারেখাকে পরীক্ষা করবে—এটি কি পরাশক্তিগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য একটি কার্যকর কূটনীতি হবে, নাকি এটি এমন এক পরিস্থিতির জন্ম দেবে যেখানে দুই কর্তৃত্ববাদী শাসক এবং নিজেকে তাদের মতো শক্তিশালী নেতা হিসেবে দেখতে চাওয়া এক মার্কিন প্রেসিডেন্ট একে অপরের সঙ্গে এক ধরনের ‘স্বৈরাচারী খেলার’ অংশীদার হয়ে উঠবেন? শেনজেনে জিনপিং, পুতিন ও ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বরাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। তিনটি শক্তিধর দেশের নেতাদের এই সম্মেলন এশিয়া ও ইউরোপের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। সমালোচকদের মতে, ট্রাম্প আন্তর্জাতিক কূটনীতিতে বাস্তব অর্জনের চেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন ও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। পুতিন ও শি জিনপিংয়ের প্রশংসায় তিনি প্রায়ই মুখর থাকেন। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের প্রতি তার অসন্তোষও প্রকাশ্যে এসেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকলেও ট্রাম্প বলেছেন, পুতিন চাইলে আরো কঠোর অবস্থান নিতে পারতেন।
আবার চীনের সঙ্গে প্রযুক্তি ও গোয়েন্দা-সংশ্লিষ্ট বিতর্ক নিয়েও তিনি সম্মেলনের আগে বেইজিংকে অসন্তুষ্ট করতে চাননি। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের মতে, পুতিনের সঙ্গে বৈঠক তাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে শি জিনপিংয়ের প্রতি ট্রাম্পের প্রশংসাও যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি হতে পারে।
মতামত দিন