হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে হাইতীয় বংশোদ্ভূত এক যাজককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। দেশটির ফ্লোরিডার মায়ামির একটি ফেডারেল আদালত গতকাল বুধবার ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। ২০২১ সালের ৭ জুলাই নিজ বাড়িতে ঢুকে মোইসকে গুলি করে হত্যা করা হয়। প্রায় আট সপ্তাহের বিচার শেষে এ রায় এল। ৬৮ বছর বয়সি স্যানন যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট মোইসকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। আদালতে কৌঁসুলিরা বলেন, হত্যার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় চব্বিশ বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ দেওয়া হয়েছিল।
এ অর্থের একটি অংশ করোনাভাইরাস মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে সংগ্রহ করা হয়েছিল। কৌঁসুলিদের ভাষ্য, মোইসকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসেবে বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ষড়যন্ত্রের পরিকল্পনা ও অর্থায়নের অন্যতম কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা। তবে বিচার চলাকালে স্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে স্বীকার করেন, একপর্যায়ে মোইসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করার চেষ্টায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে তার দাবি, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য একজন প্রার্থীকে বেছে নিয়েছিল। প্রেসিডেন্টকে হত্যার কোনো পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন না বলেও দাবি করেন।
হত্যাকাণ্ডের কয়েক দিন পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের দেখা স্থানীয় পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী, স্যাননের বাসায় তল্লাশি চালিয়ে আটটি গাড়ির নিবন্ধন নম্বরপ্লেট, ১৯টি পাসপোর্ট ও ১২টি মোবাইলফোন পাওয়া যায়। এ ছাড়া ৩০ বাক্স গুলি এবং পিস্তলের ১২টি খাপও উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সময় মোইসের স্ত্রী মার্টিন মোইসও গুলিবিদ্ধ হয়েছিলেন। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছিল। আগামী ২০২৭ সালের হাইতির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এক দশকের বেশি সময় পর দেশটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত স্যাননকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। তিনি এখনো ফেডারেল হেফাজতে রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। স্যাননের আইনজীবী জেলকা বোজানিচ বলেন, আদালতের রায়ে তারা হতাশ। যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রায়ের পর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৌঁসুলিরা।
মতামত দিন