মুসলিম বিশ্বের আত্মসমালোচনা করা উচিত: এরদোয়ান

গাজায় ইসরাইলি হামলা ও মানবিক বিপর্যয়ের মধ্যে ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে তুরস্ক নীরব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উপত্যকাটিত

গাজায় ইসরাইলি হামলা ও মানবিক বিপর্যয়ের মধ্যে ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে তুরস্ক নীরব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উপত্যকাটিতে বাস্তুচ্যুত মানুষের সংকট আরো গভীর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বুধবার রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেন এরদোয়ান। এ সময় গাজার সাধারণ মানুষ, বিশেষ করে শীত ও আশ্রয়সংকটে থাকা শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।

এরদোয়ান বলেন, ‘অন্যরা চোখ বন্ধ করে থাকুক কিংবা কান বন্ধ করে রাখুক, গাজায় নিপীড়নের ঘটনায় আমরা নীরব থাকব না।’ গাজার বাস্তুচ্যুত পরিবার ও শিশুদের দুরবস্থার কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পর্যাপ্ত আশ্রয় ছাড়াই তীব্র শীতের মধ্যে শিশুদের কাঁপতে দেখার দৃশ্য তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। অনেক শিশুর মাথা গোঁজার মতো একটি তাঁবুও নেই। চলতি মাসের শুরুতে ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিনের সংঘাত ও ইসরাইলি হামলায় উপত্যকাটির অধিকাংশ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

বৃষ্টির পর একটি বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়লে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এরপর গাজা সিটি এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে শিবিরগুলো প্লাবিত হওয়ায় শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে দেখা যায়। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতারও নিন্দা জানান এরদোয়ান। তার ভাষায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা, গুপ্তহত্যা, বৈষম্য ও বিচ্ছিন্ন করে রাখার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে তুরস্কসহ ৫৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায়। এর আগে ভয়াবহ আবহাওয়া ও বন্যায় তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এ সময় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাও সামনে আসে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗