Akhruzzaman-Kalyan Banerjee: ‘৫০ কোটি টাকা আয়কর দেন’, সুপ্রিম কোর্টের নামী আইনজীবীদের থেকেও বেশি ফি নেন কল্যাণ? বিস্ফোরক আখরুজ্জামান
কলকাতা: কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক আখরুজ্জামান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) আয়ের উৎস নিয়ে তিনি প্রশ্ন তুললেন। একইসঙ্গে ইডি(ED)-কেও অনুরোধ করলেন কল্যাণের বিরুদ্ধে তদন্ত করার জন্য। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ৪০ কোটি টাকা দিয়ে ইডিকে চুপ করিয়ে দিয়েছেন ঋতব্রতর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। এই মন্তব্যকে ঘিরেই যত বিতর্কের শুরু। এবার কল্যাণের বিরুদ্ধে মুখ খুললেন আখরুজ্জামান।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়া থেকে বিপুল আয়-সব কিছু নিয়েই বললেন তিনি। এ দিন আখরুজ্জামান বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখলাম আজকেও প্রশ্ন করেছেন যে কেন ইডি আমার বাড়িতে যাচ্ছে না। আমি নাকি ৪০ কোটি টাকা দিয়ে ইডিকে ম্যানেজ করেছি। কল্যাণবাবুকে বলন, আমায় যদি ২০ কোটি টাকা দেন, তবে স্থাবর-অস্থাবর সম্পত্তি ওঁর নামে করে দেব। আমরা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতি করি। আমার বাড়িতে কবে ইডি গিয়েছে বা নোটিস ধরিয়েছে।
চোরের মায়ের বড় গলা। ৫০ কোটি টাকা আয়কর দেন। ৫০ কোটি যদি আয়কর দেন, তাহলে আয়ের উৎস কত? কত বড় আইনজীবী উনি। কলকাতা হাইকোর্টের সরকার ও বিভিন্ন দফতরের মন্ত্রীদের বাধ্য় করা হত যাতে কল্যাণ ও তাঁর পরিবারকে সেই মামলাগুলি দেওয়া হয়।” কল্যাণের আয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিগত সরকারের আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কতগুলি কেস করেছেন, এবং সেই কেসগুলির ফি কীভাবে নির্ধারিত করেছেন। হাইকোর্ট পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, যে কেসে জেতার সম্ভাবনা নেই, সেই কেসও কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু ফিজ নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন।” তিনি আরও বলেন, “সরকারি উকিলের একটা নির্দিষ্ট ফি থাকে।
সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো নামী-দামি আইনজীবীদের থেকেও বেশি ফি তিনি ধার্য করেছেন সরকারের কাছ থেকে। এটা সরকারের টাকা, মানুষের টাকা, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি করছি। কোনও অন্যায় যদি হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি।”
মতামত দিন