কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবি খতমে নবুওয়াতের
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছে খতমে নবুওয়াত জাতীয় সেমিনার। দাবি আদায় না হলে ঢাকায় মহাসমাবেশ এবং প্রয়োজনে রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সেমিনারের সভাপতি ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী। অন্যদিকে, খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
সকালে অনুষ্ঠান চলাকালে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়। খতমে নবুওয়াত বাংলাদেশ এবং সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানী। অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। প্রয়োজনে এ আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের মুসলমানদের সঙ্গে আছেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি কওমি মাদরাসাগুলোর জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ধর্মমন্ত্রীসহ অন্য সংসদ সদস্যদের সঙ্গেও ধারাবাহিক আলোচনা চলছে।
মতামত দিন