দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, শূন্য পদ ২ লাখ ৫৩ হাজার: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষকের শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষকের শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় মন্ত্রী শূন্য পদ পূরণে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তবে এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ-৪ আসনের মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা তিন হাজার ৪৮টি।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ ১৪ হাজার ৬৯৭টি। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা এক লাখ ১ হাজার ৮৭৩টি। ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি ও প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্য পদ রয়েছে। কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে।

শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান। মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান। কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ ও ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

সংরক্ষিত আসনের শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্য পদ পূরণে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণে পিএসসিতে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗