সরকারি চাকরিতে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবি হোমিওপ্যাথিক চিকিৎসকরা

দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের মুখে পড়েছে। এতে ওষুধ ব্যবসায়ী, শিক্

দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের মুখে পড়েছে। এতে ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সংকট নিরসনে হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখা এবং ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ডিগ্রিধারীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টিসহ চার দফা দাবি জানিয়েছে চিকিৎসকেরা। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। সংগঠনটির চার দফা দাবি হলো—ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি, মাদক আইনের আওতা থেকে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন এবং হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সের মাধ্যমে এ চিকিৎসাশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নানা সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। তারা আরো বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পরিসর বাড়ানো প্রয়োজন। এ জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ উত্থাপিত চার দফা দাবি দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত আমদানিকৃত ওষুধে রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকায় এসব ওষুধ আমদানি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে ওষুধের প্রয়োজনে বৈধ আমদানি ও ব্যবহারের জন্য সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি বৈধ ওষুধ আমদানি ও চিকিৎসাসেবার স্বার্থ সুরক্ষার আহ্বান জানান। এ বিষয়ে সংগঠনের সভাপতি ডা. মো.

মজিবুল্যাহ মজিব বলেন, ২০০৯ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের মূল বেতনের ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়া হতো। তবে প্রায় দুই বছর ধরে সেই বেতনও বন্ধ রয়েছে। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন করে সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা দেওয়ার কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗