শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ, কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়ে সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে নোটিশে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে মাহমুদুল হাসান মামুন বলেছেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে তিনি এ উদ্যোগ নেননি। সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি দিয়েছেন তিনি।
নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন নোটিশদাতা। নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাতটি পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আওতায় হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তৃতীয়ত, হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব রয়েছে। চতুর্থত, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। পঞ্চমত, দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে ওই স্থানে নেওয়ার প্রস্তাবও রয়েছে। ষষ্ঠত, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনার বিষয় হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবী। সপ্তমত, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব করা হয়েছে।
এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের কথা বলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়া ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
মতামত দিন