গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করবে সার্বিয়া

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ এবং সার্বিয়ায় ইসরাইলি ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের অঙ্গীকার করেছে সার্বিয়ার নির্বাচনে জয়ী ছাত্র আন্দোলনভিত্তিক রাজনৈতিক জ

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ এবং সার্বিয়ায় ইসরাইলি ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের অঙ্গীকার করেছে সার্বিয়ার নির্বাচনে জয়ী ছাত্র আন্দোলনভিত্তিক রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের আমলে ইসরাইলের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই ঘোষণাকে। গত সপ্তাহে ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানির উপস্থাপনায় একটি পডকাস্টে অংশ নিয়ে স্টুডেন্ট লিস্টের প্রতিনিধি ফিলিপ উবোভিচ এ ঘোষণা দেন। গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেখানে যা ঘটছে, তা মানবতার বিবেকের ওপর একটি কলঙ্ক।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা হবে।’ গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম নির্বাচনে ২৫০ আসনের মধ্যে ১৪০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্টুডেন্ট লিস্ট। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভুসিচের রাজনৈতিক জোটকে পরাজিত করে ছাত্র আন্দোলনভিত্তিক এই শক্তি। ভুসিচের শাসনামলে কর্তৃত্ববাদী প্রবণতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল।

গত ১৭ নভেম্বর নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্টুডেন্ট লিস্টের আইনপ্রণেতাদের বেলগ্রেডে পার্লামেন্ট ভবনের সামনে সমর্থকদের সঙ্গে দেখা যায়। ভুসিচের শাসনামলে সার্বিয়ার সঙ্গে ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে সার্বিয়া থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানির পরিমাণ আগের ১৫ লাখ ডলার থেকে বেড়ে ৪ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছায়। গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলার সময় এই রপ্তানি বৃদ্ধি পায়।

শুধু অস্ত্র রপ্তানিই নয়, ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণও বাড়িয়েছে সার্বিয়া। ২০২৫ সালের শুরুর দিকে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কাছ থেকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারে পিইউএলএস আর্টিলারি ব্যবস্থা ও হার্মিস ড্রোন কেনে দেশটি। একই বছরের আগস্টে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে প্রায় ১৬০ কোটি ডলারের আরেকটি চুক্তি করে সার্বিয়া।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗