তাণ্ডবের পর থমথমে গোপালগঞ্জ
তাণ্ডবের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে ১৯ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি নিয়ে জেলাজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়কে। পাশাপাশি শহরের কিছু কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে।
সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় লোকজন রাতের বিষয়টি নিয়েই আলোচনা করছেন। সকালে জেলা শহর বা টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও বেশ কিছু গাড়ি দেখা গেছে এবং কার্যালয়ের গেটে বেশ কয়েকজন আনসার সদস্যকে পাহারারত অবস্থায় দেখা গেছে। টুঙ্গিপাড়ার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল গোপালগঞ্জের পরিস্থিতি। কিন্তু কোনো যাচাই-বাছাই ছাড়াই গতকাল মঙ্গলবার বিকেলে খেলার মাঠ থেকে বেশ কয়েকজন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
যে কারণে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে জড়ো হতে থাকেন ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও করার জন্য লোকজনকে আসার আহ্বান জানালে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়। তারা থানায় ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে এবং শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া। একদিকে লোকজনের ইটপাটকেল নিক্ষেপ, অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এগুলো উপেক্ষা করে লোকজন থানার ভেতরে ঢুকে পড়েন। সেখানে থানার বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন লাগানোসহ থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরবর্তী সময়ে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো টুঙ্গিপাড়ায় এবং রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়। এদিকে শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার বংশের আরো ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড ও আন্দোলনকারীরা অবস্থান নিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও আগুন নেভাতে যেতে পারেনি। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। যৌথ বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলা সদরের দিকে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন আন্দোলনকারীরা।
মতামত দিন