জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে
ভারত সরকারের আশ্রয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো সন্ত্রাস শুরু করে দিয়েছেন। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত এবং আইসিটি আদালতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এই দানবীয় চরিত্রের নারীর আসলে রাজনৈতিকভাবে নতুন করে হারানোর আর কিছু নেই। তিনি সর্ব উপায়ে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে চাইবেন সেটাই প্রত্যাশিত। দিল্লির প্রশ্রয় ও সহযোগিতায় শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের পুরো শাসনকালে পদে পদে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন। তিনি এবং তার সমর্থকেরা চেয়েছিলেন যাতে বাংলাদেশে একটি সফল নির্বাচন না হতে পারে। এসব কাজে ব্যর্থ হয়ে এখন তিনি বাংলাদেশে নাশকতা উসকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, সন্ত্রাস দলটির অনেকটাই মজ্জাগত বৈশিষ্ট্য। স্বাধীনতা-উত্তরকালে ক্ষমতাসীন অবস্থায় কিংবা বিরোধী দলে আওয়ামী লীগ সব সময় একই ধরনের আচরণ করেছে। দলটির সন্ত্রাসবাদী ডিএনএ থেকেই জন্ম নিয়েছিল শেখ মুজিবের বাকশাল এবং হাসিনার ফ্যাসিবাদ। ফলে জুলাই বিপ্লবের পর নেতারা পালিয়ে গেলেও দলটির যে কর্মীবাহিনী দেশের অভ্যন্তরে রয়ে গেছে, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের নেতা, কর্মী কিংবা সমর্থক সফট পাওয়ারের কারো মধ্যে দীর্ঘ পনেরো বছরের বীভৎস ফ্যাসিস্ট শাসনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই।
আওয়ামী টোকাই থেকে অন্ধ সমর্থক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত কারো চিন্তাধারার মধ্যে কোনো তফাত খুঁজে পাওয়া যাবে না। অতীত ইতিহাস পর্যালোচনা করলে এদের কাছ থেকে কোনো যুক্তি কিংবা বিবেক আমরা আশা করতে পারি না। প্রতি সন্ধ্যায় বাংলাদেশের বেশুমার টেলিভিশনে যে ডজন ডজন টকশো হয়ে থাকে, সেগুলোতে আওয়ামী সফট পাওয়ারের আস্ফালন দেখলে বোঝার উপায় নেই যে মাত্র দুই বছর আগে আবু সাঈদ, মুগ্ধ, আনাসরা শাহাদতের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছিল। একদিকে এসব টকশোতে সরকারের মৌন সম্মতিতে অহরহ জুলাই বিপ্লবকে বিতর্কিত করে বয়ান দেওয়া হচ্ছে; অন্যদিকে ভারতে পলাতক নেতাদের নির্দেশের সঙ্গে নাশকতার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান হলেই আওয়ামী লীগের কর্মীরা দলীয় চরিত্র অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। নভেম্বরের ৯ ও ১০ তারিখে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব সরকারের প্রভাবশালী ব্যক্তিদের কাছে অতি তুচ্ছ ঘটনা মনে হলেও পোড় খাওয়া জনগণ ঠিক আশ্বস্ত হতে পারছে না। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার উদ্দেশ্যপ্রণোদিত প্রচার এই দেশবিরোধীদের আরো বেপরোয়া করে তুলেছে। আওয়ামী লীগের এসব কাজকারবারে আমি বিস্মিত না হলেও ক্রমাগত হতাশ হচ্ছি ক্ষমতাসীনদের রাজনৈতিক বিভ্রান্তিতে। তারা দেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার পরিবর্তে বর্তমান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক রাজনৈতিক প্রতিপক্ষ, জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে যাবতীয় শক্তি ক্ষয় করছেন। জুলাই শক্তির মধ্যে বিভাজন বাড়িয়ে তারা আহত দানবের প্রত্যাবর্তনের রাস্তা বানিয়ে দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার ভাষায়, সাপের চেয়ে ভয়ংকর আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন মহলের অপরিণামদর্শী নমনীয়তা যে তাদের জন্যই সর্বাধিক বিপদ ডেকে আনবেÑএটা তারা যেন কিছুতেই বুঝবেন না বলে পণ করে বসে আছেন। আমার আজকের লেখা এ পর্যন্ত পড়েই নব্য ক্ষমতাবানরা নিশ্চয়ই আমার দেশ পত্রিকা এবং ব্যক্তিগতভাবে আমার উপর মহা ক্ষিপ্ত হয়ে উঠেছেন।
তাদের সেই আক্রোশ প্রশমনে আমার মন্তব্যের স্বপক্ষে খানিকটা ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা যাক। আমি মনে করি, হাসিনার পালানোর মাত্র দুই বছরের মধ্যে এত দ্রুত তার দলের আস্ফালন ও সন্ত্রাস শুরু করার হিম্মত পাওয়ার পেছনে প্রধান চারটি কারণ রয়েছে। প্রথম এবং অন্যতম কারণ হলো, জুলাই বিপ্লবের অংশীদারদের মধ্যকার দুর্ভাগ্যজনক বিরোধ। সংশ্লিষ্টদের প্রবল ক্ষমতালিপ্সা থেকেই এই বিরোধ বিস্তার লাভ করেছে। ড. ইউনূস সরকারের সময়েই প্রশাসনে কোন দল কতটা প্রভাব বিস্তার করবে, সেটা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। দুই দলেরই লক্ষ্য ছিল ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচনে জয়লাভ করে নিরঙ্কুশ ক্ষমতা দখল। সুতরাং সেই লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে প্রশাসনে দলীয় লোক বসাতে কারোরই আগ্রহের কমতি ছিল না। প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিযোগিতায় বড় দল হিসেবে বিএনপি সবসময় এগিয়ে থাকলেও একচ্ছত্র প্রভাব বিস্তার করতে না পারায় তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। অবস্থা বেগতিক দেখে সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুই-একজন উপদেষ্টা এমন একটি প্রস্তাব নিয়ে এগোতে চেয়েছিলেন যে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে অন্তত প্রথম পাঁচ বছরের সংসদটি বিএনপি, জামায়াত এবং এনসিপি মিলেমিশে যৌথভাবে পরিচালনা করুক। তারা চেয়েছিলেন তিন দলের মধ্যে আসন ভাগাভাগি করে ঐক্যবদ্ধভাবে সংসদ নির্বাচনটা হোক।
তারপর না হয় বেশি আসনের প্রত্যাশিত দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। এই আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ের পর আর বিশেষ এগোয়নি। বিষয়টি জানতে পেরে তখন আমি প্রস্তাবটির ঘোর বিরোধিতা করেছিলাম। আমি চেয়েছিলাম বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে আসুক। দীর্ঘ ১৫ বছর একদলীয় ফ্যাসিস্ট আওয়ামী শাসন দেখার পর নির্বাচনের নামে আবার ভাগাভাগিতে ফিরে যাওয়া আমার কাছে উচিত কাজ বলে মনে হয়নি। আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যকার আপসের নির্বাচনের নাটকের ভিন্ন মোড়কে কোনোরকম পুনরাবৃত্তি আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। আমি জনগণের নির্ভেজাল ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে জোর ওকালতি করেছিলাম। তাছাড়া পূর্ব অভিজ্ঞতায় আমি জানতাম, আসন ভাগাভাগি করা এত সহজ কাজ নয়। অনেকেই হয়তো জানেন না যে, বিএনপি এবং জামায়াতের মধ্যকার আজকের তীব্র বিরোধের সূত্রপাত ঘটেছিল ২০০১, ২০০৮, এবং ২০১৮ সালের আসন ভাগাভাগি নিয়েই।
মতামত দিন