ওসমান ফারুকের পদত্যাগে হতাশ কিশোরগঞ্জের নেতাকর্মীরা
রাজনীতির মাঠে নানা আলোচনা, প্রত্যাশা আর জল্পনা-কল্পনার মধ্যেই হঠাৎ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদে স্পিকার তাঁর পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাঁর এমন আকস্মিক পদত্যাগে শুধু সংসদীয় রাজনীতিতে নয়, করিমগঞ্জ ও তাড়াইলের স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? শারীরিক অসুস্থতাই কি পদত্যাগের একমাত্র কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নির্বাচনী এলাকার মানুষের মধ্যে।একদিকে অভিজ্ঞ এই রাজনীতিবিদের পদত্যাগে হতাশা প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। অন্যদিকে আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য উপনির্বাচন এবং বিএনপির পরবর্তী দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। স্থানীয় বিএনপির একাধিক নেতার আগ্রহও আলোচনায় এসেছে।এর আগে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না থাকায় নিশ্চিত হতে পারছিলেন না স্থানীয় নেতাকর্মীরা।কেউ বিষয়টিকে তাঁর শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত করেন, আবার কেউ এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজতে শুরু করেন। অবশেষে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলে খবরটি আনুষ্ঠানিক রূপ পায়।পদত্যাগপত্রে ড. ওসমান ফারুক উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানান তিনি।চিঠিতে তিনি লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয়।দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষের প্রতি শুভেচ্ছা জানান।কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান দাবি করেছেন, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। তাঁর স্ত্রীও অসুস্থ। বয়সজনিত জটিলতার পাশাপাশি চিকিৎসার প্রয়োজনেই তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “ড. ওসমান ফারুক স্যার শারীরিকভাবে খুবই অসুস্থ। তাঁর স্ত্রীও অসুস্থ। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁর চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। এবার তিনি নির্বাচন করতে চাননি। নির্বাচনের সময়ও অসুস্থ ছিলেন। পরে অনেকটা জনগণের চাপেই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।”তিনি জানান, ওসমান ফারুকের বয়স প্রায় ৯০ বছর।
নিজের শারীরিক অসুস্থতা, স্ত্রীর অসুস্থতা ও বয়সজনিত সমস্যা—এই তিনটি বিষয় তাঁর পদত্যাগের পেছনে কাজ করেছে বলে তিনি মনে করেন। প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন থেকেই পদত্যাগের বিষয়টি তাঁর ভাবনায় ছিল বলে জানান তিনি।মন্ত্রিত্ব না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন—এমন ধারণাও নাকচ করেছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তাঁর ভাষ্য, শেষের দিকে ওসমান ফারুককে মন্ত্রী কিংবা উপদেষ্টা হওয়ার বিষয়ে বলা হলেও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি এমন দায়িত্ব নিতে আগ্রহী হননি।দীর্ঘদিন পর দেশে ফিরে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের মধ্যে তাঁকে ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশেষ করে এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবেন—এমন আশা ছিল স্থানীয়দের।কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগের ঘটনায় সেই প্রত্যাশায় ছেদ পড়েছে বলে মনে করছেন অনেকে।করিমগঞ্জের বাসিন্দা আবদুল কাদের বলেন, “অনেক আশা নিয়ে আমরা তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলাম। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগের খবরে আমরা হতাশ হয়েছি। এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা নিয়ে তাঁর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল। এখন সংসদ সদস্য পদটি শূন্য হওয়ায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। আমরা চাই, দ্রুত একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের সমস্যাগুলো সংসদে তুলে ধরুন।”তাড়াইলের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, “ওসমান ফারুকের মতো অভিজ্ঞ একজন রাজনীতিবিদের পদত্যাগের খবর শুনে অবাক হয়েছি। তবে তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও বিবেচনা করতে হবে। আমরা চাই, যিনিই পরবর্তী সময়ে এ আসনের প্রতিনিধি হবেন, তিনি যেন দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকেন।”ওসমান ফারুকের পদত্যাগে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল। তাঁর মতে, অভিজ্ঞ এই রাজনীতিবিদকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অনেক প্রত্যাশা ছিল। তাঁর পদত্যাগে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।আজিজুল ইসলাম দুলাল বলেন, “ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে আমরা খুবই মর্মাহত। তাঁকে ঘিরে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল। বাংলাদেশের যে কজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তিনি তাঁদের একজন। তাঁর ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও অবস্থানের কারণে আমাদের কাছে তাঁর বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তাই শারীরিক অসুস্থতার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে, তাঁর পদত্যাগের বিষয়টি আমরা সহজভাবে মেনে নিতে পারছি না। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”তিনি আরও বলেন, পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বসবেন তাঁরা। আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তাঁর ধারণা, শারীরিক অসুস্থতাই ওসমান ফারুকের পদত্যাগের মূল কারণ।কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে ভিপি সুমন বলেন, ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে আগে থেকে তাঁদের কোনো ধারণা ছিল না। হঠাৎ এমন সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।তিনি বলেন, “ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে আগে থেকে আমাদের কোনো ধারণা ছিল না। তিনি হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা আমরা এখনো বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেই এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, যাঁকে আমরা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছি, তাঁর সঙ্গে এখন যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।”ভিপি সুমন আরও বলেন, ব্যক্তিগতভাবে তাঁর মনে হয় না, মন্ত্রিত্ব না পাওয়ার কারণে ওসমান ফারুক পদত্যাগ করেছেন। কারণ, তিনি সব সময় বলতেন, মন্ত্রী হওয়াটা বড় বিষয় নয়; এলাকার মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়।তিনি বলেন, আসনটি শূন্য হওয়ায় দলের শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে বসে আলোচনা করবেন। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।ওসমান ফারুকের পদত্যাগে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। তিনি জানান, ওসমান ফারুককে দলীয় মনোনয়ন দেওয়ার পর তাঁর বিজয়ের জন্য সর্বাত্মকভাবে কাজ করেছিলেন। অথচ এমন সিদ্ধান্ত তিনি প্রত্যাশা করেননি।জালাল মোহাম্মদ গাউস বলেন, “ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের সংবাদ শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ, তাঁর মনোনয়ন পাওয়ার পেছনে আমি মন-প্রাণ দিয়ে কাজ করেছি। আপনারা জানেন, ২০১৮ সালের নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। কিন্তু জোটের স্বার্থে সে সময় আমাকে আসনটি ছেড়ে দিতে হয়েছিল। সে কারণে এবারও আমি দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলাম। কিন্তু দল যখন ওসমান ফারুক সাহেবকে মনোনয়ন দেয়, তখন তাঁর বিজয়ের জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করেছি। আল্লাহর রহমতে সবার দোয়া ও সহযোগিতায় তাঁকে বিজয়ী করতে পেরেছিলাম।”তিনি আরও বলেন, ওসমান ফারুক দলের একজন মুরুব্বি ছিলেন। দলও তাঁকে যথেষ্ট মূল্যায়ন করেছে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে তাঁর কাছ থেকে আরও ধৈর্যশীল ও দিকনির্দেশনামূলক ভূমিকা প্রত্যাশা করেছিলেন তাঁরা।জালাল মোহাম্মদ গাউসের ধারণা, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দলের সাংগঠনিক দায়িত্ব পালনের সক্ষমতা হয়তো তাঁর বর্তমান শারীরিক অবস্থায় সীমিত হয়ে পড়েছে। যদিও ওসমান ফারুক কখনো তাঁদের কাছে অসুস্থতা বা ব্যক্তিগত কোনো সমস্যার কথা জানাননি।তিনি বলেন, “পদত্যাগের সংবাদ শোনার পর আমি তাঁকে দুবার ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
হয়তো শারীরিক অসুস্থতা কিংবা পরিস্থিতির কারণে তিনি কথা বলতে পারেননি। এদিকে আসনটি শূন্য হওয়ার পর দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন করে এ পরিস্থিতিতে এগিয়ে আসার অনুরোধ করছেন। তাঁরা চাইছেন, আমি যেন নেতৃত্ব দিয়ে পরবর্তী কার্যক্রমে ভূমিকা রাখি। তাই আমি দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব এবং আমার আগ্রহের বিষয়টি তাঁদের কাছে তুলে ধরব। দল যদি বিষয়টি বিবেচনায় নেয়, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগের পর এখন সবচেয়ে বেশি আলোচনা কিশোরগঞ্জ-৩ আসনের পরবর্তী প্রতিনিধি কে হচ্ছেন, তা নিয়ে। বিশেষ করে বিএনপির দলীয় মনোনয়ন কে পাবেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জানিয়েছেন, উপনির্বাচনে বিএনপির পাঁচ-ছয়জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্য থেকে দল যেকোনো একজনকে মনোনয়ন দিতে পারে।অন্যদিকে জালাল মোহাম্মদ গাউসের বক্তব্যেও উপনির্বাচনে তাঁর আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।তবে কে দলীয় মনোনয়ন পাবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দল এমন একজনকে মনোনয়ন দেবে, যিনি করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকার সমস্যা ও উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।ড. মুহাম্মদ ওসমান ফারুকের রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জ-৩ আসনটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০১ সালে বিএনপির মনোনয়নে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন তিনি। একই বছরের ১০ অক্টোবর বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।দীর্ঘ বিরতির পর তাঁর দেশে ফেরা এবং পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। অভিজ্ঞ এই রাজনীতিবিদের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশাও ছিল তাঁদের।কিন্তু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাঁর পদত্যাগে সেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন স্থানীয় মানুষের অপেক্ষা, শূন্য হওয়া আসনে কে আসছেন এবং করিমগঞ্জ-তাড়াইলের মানুষের প্রত্যাশা পূরণে নতুন প্রতিনিধি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।এ বিষয়ে বক্তব্য জানতে ড. মুহাম্মদ ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এইচএসএস
মতামত দিন