শীতের আমেজে জমজমাট জালালপুর বাজার, মালাই চায়ের টানে ছুটছেন চা-প্রেমীরা
হিমেল হাওয়ার পরশে সন্ধ্যা নামতেই জমে উঠছে চায়ের আড্ডা। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক, সঙ্গে বন্ধুদের গল্প-গুজব। শীতের আগমনী বার্তায় এমন দৃশ্য এখন কিশোরগঞ্জের জালালপুর বাজারে নিত্যদিনের। তবে সাধারণ চায়ের দোকানের চেয়ে এ বাজারের আকর্ষণ কিছুটা ভিন্ন। ঘন দুধ আর দুধের সর দিয়ে তৈরি বিশেষ মালাই চায়ের স্বাদ নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন চা-প্রেমীরা। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়ছে।কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজার। স্থানীয়ভাবে পরিচিত এ বাজারে রয়েছে প্রায় ২০টি চায়ের দোকান। প্রতিটি দোকানেই কমবেশি ক্রেতার ভিড় থাকলেও মালাই চায়ের চাহিদা সবচেয়ে বেশি। সকাল থেকে গভীর রাত, এমনকি অনেক দোকানে ২৪ ঘণ্টাই চলে চা বিক্রি। শীতের পরশ লাগতেই দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা।সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নামার পর থেকেই বাজারের চায়ের দোকানগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। কোথাও বসার জায়গা নেই, কোথাও আবার চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আড্ডায় মেতেছেন কয়েকজন। দোকানের বেঞ্চ, মোড়া কিংবা আশপাশের খোলা জায়গায় বসেই চলছে চা পান ও গল্প-গুজব। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ পরিবার-পরিজনসহ।
আবার কেউ দূরের কোনো গ্রাম থেকে এসেছেন শুধু এক কাপ মালাই চায়ের স্বাদ নিতে।জালালপুরের মালাই চায়ের বিশেষত্ব এর ঘনত্ব ও তৈরির পদ্ধতিতে। সাধারণ চায়ের মতো শুধু দুধ মিশিয়ে তৈরি করা হয় না এ চা। দীর্ঘ সময় চুলায় জ্বাল দিয়ে দুধ ঘন করা হয়। পরে চায়ের সঙ্গে মেশানো হয় দুধের সর বা মালাই। খাঁটি গরুর দুধ ও উন্নত মানের চা-পাতার সংমিশ্রণে তৈরি এ চায়ের স্বাদই একে দিয়েছে আলাদা পরিচিতি। একবার যাঁরা এ চায়ের স্বাদ নিয়েছেন, তাঁদের অনেকেই আবার ফিরে আসেন।স্থানীয়রা জানান, জালাল নামে এক ব্যক্তি বহু বছর আগে এ বাজারে চা বিক্রি শুরু করেন। তাঁর তৈরি চায়ের স্বাদ ছিল ব্যতিক্রম। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই চায়ের সুনাম। পরে তাঁর নামের সঙ্গে মিল রেখেই বাজারটি জালালপুর নামে পরিচিতি পায়। সময়ের সঙ্গে চায়ের দোকানের সংখ্যা বেড়েছে, বেড়েছে ক্রেতাদের আনাগোনাও। সেই ধারাবাহিকতায় মালাই চা এখন বাজারটির অন্যতম পরিচিতি হয়ে উঠেছে।সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল নোয়াপাড়া গ্রাম থেকে বন্ধুদের নিয়ে মালাই চা খেতে এসেছেন রাকিব হোসেন। তিনি বলেন, ‘জালালপুর বাজারের মালাই চা আমার খুব ভালো লাগে। তাই বন্ধুদের নিয়ে সময় পেলেই চলে আসি।
তবে প্রতি কাপ ৫০ টাকা দাম একটু বেশি মনে হয়েছে।’শুধু সদর উপজেলা নয়, পাশের উপজেলাগুলো থেকেও আসছেন চা-প্রেমীরা। করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি ইসলামপুর থেকে এসেছেন আরিফুর ইসলাম সুজন। তিনি বলেন, ‘জালালপুর বাজারের মালাই চায়ের অনেক সুনাম শুনেছি। তাই করিমগঞ্জ থেকে ছুটে এসেছি। এখানে চা খেয়ে সত্যিই মুগ্ধ হয়েছি। এত মজার চা কীভাবে তৈরি করেন, তা জানারও আগ্রহ হচ্ছে।’ক্রেতাদের চাহিদা সামাল দিতে দোকানিদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। চুলায় একের পর এক বসানো হচ্ছে দুধের পাতিল। তৈরি হচ্ছে চায়ের পর চা। দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন বিপুল পরিমাণ দুধ ব্যবহার করা হয় এসব দোকানে। প্রতি কাপ রং চা ৫ টাকা, দুধ চা ১৫ টাকা এবং মালাই চা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের আনাগোনা বেশি থাকায় অনেক দোকানই দিন-রাত খোলা রাখা হয়।চা বিক্রেতা লাদেন বলেন, ‘আমরা প্রতিদিন ৫০ থেকে ৬০ কেজি দুধ চুলায় জ্বাল দিই। দীর্ঘ সময় জ্বাল দেওয়ার পর তা কমে ৩০ থেকে ৪০ কেজির মতো হয়। ভালো চা-পাতা ও ভেজালমুক্ত গাভির দুধ ব্যবহার করি।
এ কারণেই চায়ের স্বাদ আলাদা হয়। অনেকে ৫০ টাকা দাম বেশি মনে করেন। কিন্তু দুধের দাম, দোকানভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতনসহ অনেক খরচ রয়েছে। সবকিছু হিসাব করেই দাম রাখতে হয়।’আরেক চা বিক্রেতা সোহেল মিয়া বলেন, ‘শীত আসার সঙ্গে সঙ্গে মালাই চায়ের চাহিদা অনেক বেড়ে যায়। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে চা খেতে আসেন। প্রতিদিন এত মানুষের চাহিদা পূরণ করতে আমাদের বেশ ব্যস্ত থাকতে হয়। ভালো মানের দুধ ও চা-পাতা ব্যবহার করার চেষ্টা করি, যাতে স্বাদের কোনো পরিবর্তন না হয়।’আরেক দোকানি জামাল হোসেন বলেন, ‘অনেকেই দূরদূরান্ত থেকে শুধু আমাদের এখানকার মালাই চা খেতে আসেন। কেউ একবার খেয়ে গেলে আবারও আসেন। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতার চাপ বেশি থাকে। চায়ের পাশাপাশি মানুষের আড্ডা ও আনন্দই আমাদের দোকানগুলোকে প্রাণবন্ত করে রাখে। এই চায়ের সুনাম ধরে রাখাই আমাদের চেষ্টা।’এইচএসএস
মতামত দিন