যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্থবির হওয়ার নেপথ্যে কপার ওয়্যার আপগ্রেড: পরিবহন সচিব
যুক্তরাষ্ট্রে সম্প্রতি দেশজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন দেশটির পরিবহন সচিব শন ডাফি। তিনি জানিয়েছেন, একটি কপার ওয়্যার বা তামার তারের আধুনিকায়ন প্রক্রিয়ার সময় উদ্ভূত কারিগরি সমস্যার কারণে এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার চার ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়, যা দেশটির আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করে। একটি সংবাদ সম্মেলনে ডাফি জানান, সরকার বর্তমানে খতিয়ে দেখছে যে এই সমস্যাটি আধুনিকায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের অযোগ্যতা নাকি ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে ঘটেছে। পরিবহন সচিব ব্যাখ্যা করেন যে, যুক্তরাষ্ট্রের বর্তমান টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পুরনো এবং এটি পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরনো তামার তারের পরিবর্তে ফাইবার-অপ্টিক কেবল স্থাপনের কাজ করছিল এলথ্রি-হ্যারিস (L3Harris) নামক একটি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান।
কাজ চলাকালীন একটি রাউটারে ত্রুটি দেখা দেয়, যা অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে তথ্যের প্লাবন বা ওভারলোড তৈরি করে। এর ফলে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ইএসটি সময় ১৫:৫৪ মিনিটে শুরু হওয়া এই চার ঘণ্টার স্থগিতাদেশ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দীর্ঘতম বিমান চলাচল বন্ধের ঘটনা। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার ১৫ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, যার ফলে প্রায় ১৫ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনিবারও এর রেশ থেকে যায়, যেখানে ৫ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। অনেক যাত্রী রানওয়েতে বিমানের ভেতরেই ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামো আধুনিকায়নের জন্য বড় অংকের বিনিয়োগ প্রয়োজন বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আধুনিকায়নের জন্য ৩০.১ বিলিয়ন ডলারের অনুরোধ করেছেন, যদিও ডাফি মনে করেন এই খাতের সংস্কারে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন।
মতামত দিন