বার্ধক্য, একাকীত্ব আর পাহাড়ি জীবনযুদ্ধের বাস্তব ছবি ‘পায়ার’, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮টি পুরস্কার
কথায় বলে বৃদ্ধ বয়সে মানুষ নিজে বেঁচে থাকে না, তাদের বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু যেখানে বাঁচিয়ে রাখার কেউ নেই, সেখানে? প্রাচীন কাল থেকে আমাদের দেশে যেসব আশীর্বাদের রীতি চালু রয়েছে তার অন্যতম হল, আয়ুষ্মান হওয়ার আশীর্বাদ। কিন্তু এই আয়ুই কখনও কখনও সব চেয়ে বড় বিপদের কারণ হয়ে ওঠে। যেমন হয়েছিল পদম সিং ও তুলসীদেবীর জীবনে। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে বিনোদ কাপরি পরিচালিত ছবি ‘পায়ার’ (চিতা)। ছবিতে মুখ্য ভূমিকায় যাঁরা রয়েছেন তাঁরা জীবনে প্রথমবার পর্দায় অভিনয় করলেন। একজন অবসরপ্রাপ্ত সৈনিক পদম সিং ও দ্বিতীয়জন কৃষক হীরা দেবী। এঁদের বয়স যথাক্রমে ৮৫ এবং ৭৫। প্রথমবার পেশাদার অভিনয়ে এসেছেন দুজনেই। ছবির প্রেক্ষাপট পশ্চিম উত্তরাঞ্চলের গাড়োয়াল হিমালয় সংলগ্ন পাথুরে পার্বত্য অঞ্চল। সেই পাহাড়ের ওপরে একটুকরো প্রায় শুনশান জনপদে ছোট্ট এক কাঠের বাড়িতে বাস করেন অশীতিপর পদম সিং ও তার স্ত্রী তুলসী দেবী। ছেলে শহরে চলে গেছে বহুবছর আগে, কাজের সন্ধানে।
তিরিশ বছরের ওপর তার কোনও খোঁজ নেই। মাঝে মধ্যে চিঠি আসে। আশা জাগে এবার বোধহয় ছেলে আসবে, তাদের দুঃখের দিন শেষ হবে। কিন্তু দিনের পর দিন কেটে যায়, কেউ আসে না। আশা নেই জেনেও একে অপরকে আগলে রাখে পরম মমতায়। ‘পায়ার’ ঝড় জলে মাঝে মধ্যেই পাহাড়ের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তিন চারদিন বাড়ি থেকে বেরনোর উপায় থাকে না। স্ত্রীর ফুসফুসের সমস্যা, মাঝে মাঝেই হাঁপের টান ওঠে। তখন দূরে উপত্যকায় যারা ছাগল চরাতে বা অন্য কাজে আসে তাদের ডেকে নিয়ে আসেন পদম সিং। ডুলিতে করে স্ত্রীকে নামিয়ে এনে কাছের টাউনে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁদের সম্বল কিংবা বেঁচে থাকার একমাত্র উপায় বলতে একপাল পোষা ছাগল। যখন অর্থের প্রয়োজন হয় তাদেরই একটিকে বিক্রি করে দেন বৃদ্ধ। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি, মেঘভাঙা দুর্যোগ সব কিছু সামলে মৃত্যুপথযাত্রী এই দম্পতির একমাত্র আশা পথ চেয়ে থাকা।
যদি কখনও ছেলে আসে, যদি কখনও সুদিন ফেরে। ছবি দেখতে বসে তথ্যচিত্র দেখছি ভেবে ভুল হয়। এমন জীবন্ত এক জীবনযাত্রার ছবি এঁকেছেন পরিচালক, যাকে ফিচার ফিল্ম বলে বুঝতে কষ্ট হয়। সমতলের মানুষের জীবনে পাহাড়ি এলাকা নিয়ে নানা ফ্যান্টাসি থাকে। কিন্তু এ ছবি এক কঠিন বাস্তবের সঙ্গে পরিচয় করাবে। পাহাড়ের এই ভয়ানক রূপ আমরা শহরের মানুষ কল্পনাও করতে পারি না। দৈনন্দিন জীবন এত কষ্টকর হতে পারে এই ছবি না দেখলে বোঝা সম্ভব নয়। ‘পায়ার’-এর দৃশ্য দুই প্রবীণ অভিনেতা যেভাবে পর্দায় নিজেদের মেলে ধরেছেন তাতে বিশ্বাস করতে কষ্ট হয় সত্যিই তাঁরা ওখানে থাকেন না, সত্যিই প্রতিদিন অপেক্ষা করে জীবন কাটে না তাঁদের। বাস্তবিকই বৃদ্ধ অবস্থায় অসহায়ভাবে বেঁচে থাকা বড় ভয়ানক। ‘পায়ার’ যেন কোথাও গিয়ে দর্শকদের প্রত্যেককে আয়না দেখাবে। আজ যে জীবন কর্মমুখর, ব্যস্ত, নানা আনন্দে উদযাপনে ভরপুর, একদিন এমন আসবে যেদিন হয়তো প্রত্যেককেই নিজের নিজের মতো করে একা মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। ‘পায়ার’ নিজেকেই ভেবে যেতে হবে নিজের মৃত্যুর পরবর্তী ব্যবস্থার কথা। যেমনটা পদম সিং ভেবেছিলেন।
তবু জীবন থেমে থাকে না। থেমে গেলে মৃত্যু আরও আগে নেমে আসবে। তাই দেহে প্রাণ থাকলে এগিয়ে চলতেই হবে। ছবির শেষে এই বার্তা দর্শককে নতুন করে ভাবতে বাধ্য করবে। কত অল্প কারণে আমরা হতাশ হই, ভেঙে পড়ি। অথচ যাদের প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয় তারা হার মানতে জানে না। তারা জানে এগিয়ে চলতে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮টি পুরস্কার পেয়েছে বিনোদ কাপরির এই ছবি। ছবির সংগীত পরিচালনা করেছেন অ্যাকাডেমি পুরস্কারজয়ী সুরকার মাইকেল ড্যানা এবং সার সিংঘল। গীতিকার গুলজার। ছবিতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী শ্রুতি সদোলিকার।
মতামত দিন