নেপালের প্রধানমন্ত্রীর মন জয়ে ভারতের নানা কৌশল
অর্থনৈতিক ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বালেন্দ্র শাহকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম সফর। হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত দেশ নেপালের জনসংখ্যা প্রায় ৩ কোটি।
দীর্ঘদিন ধরেই দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে। সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শাহকে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন নেপালের প্রধানমন্ত্রী। বৈঠকে ৩৫ বছর বয়সি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উন্নয়ন ভাবনা ও দূরদর্শিতার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, নেপালের জনগণের দেওয়া ঐতিহাসিক ম্যান্ডেট দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
মোদি বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়; দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। দুর্যোগসহ নানা সংকটে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে। নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন তিনি। নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপি সহায়তা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। বালেন্দ্র শাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।
এছাড়া জ্বালানি সরবরাহে সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি তেল, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবে নেপালের পাশে থাকবে নয়াদিল্লি।
মতামত দিন