রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বৈঠকটি। এতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে এনসিপি। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবে দলটি। সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক শীর্ষ নেতা অংশ নিতে পারেন।

এনসিপির একটি সূত্র জানায়, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। গতকাল রাতেই বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য দলীয় এজেন্ডা ঠিক করার কথা জানিয়েছে এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না দলটি। বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে।

এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন।’ তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন নাহিদ। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে ক্ষমাও চাইতে হবে। জাতীয় ঐক্য শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণ, সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে সে ঐক্য ফিরিয়ে আনতে হবে। জুলাই বিপ্লবে মানুষ কোনো রাজনৈতিক দলের ব্যানারে রাজপথে নামেনি; সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। নাহিদ আরো বলেন, এখন রাজনৈতিক দলগুলো জনগণকে সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আবার রাজপথে নামাবে, অথচ বিপ্লব শেষ হলে সেই অঙ্গীকার ভঙ্গ করবে—এমনটি হলে জনগণ আর সাড়া দেবে না।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗