মাঠে সন্ত্রাস গোঁফে তেল

ফরাসি দার্শনিক রুশো তার ‘দ্য সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থে লিখেছেন, ‘জোর জবরদস্তি বা ভয় দেখিয়ে কখনোই বৈধ রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় না। নিজ দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস চালানো কোনো রাজনীতি নয়,

ফরাসি দার্শনিক রুশো তার ‘দ্য সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থে লিখেছেন, ‘জোর জবরদস্তি বা ভয় দেখিয়ে কখনোই বৈধ রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় না। নিজ দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস চালানো কোনো রাজনীতি নয়, তা শুধুই আত্মবিনাশ।’ সেই আত্মবিনাশী পথই বেছে নিয়েছে প্রবল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডকেই রাজনীতিতে ফেরার অবলম্বন করেছে বলে মনে হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। গত সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদরসহ পুরো জেলায় টানা সহিংসতা চালিয়েছেন দলের নেতাকর্মীরা। তাদের সন্ত্রাসের আগুনে কয়লা হয়ে জেলার থানাগুলোর কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, কেএম বাবর ও এসএম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও বিজিবির গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাম দা, দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোঁটা হাতে বিভিন্ন সড়ক অবরোধ করায় খুলনা এবং বাগেরহাট থেকে ঢাকার বাস যোগাযোগ বন্ধ থাকে ওই সময়। গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে, সেটাকে এককথায় নারকীয় সন্ত্রাস ও পৈশাচিক উল্লাস বলা চলে। এ ধরনের সহিংসতা ও নাশকতার রাজনীতির ফলাফল শেষ পর্যন্ত যে আত্মঘাতীই হয়, তা বলাই বাহুল্য। আওয়ামী লীগের নাশকতার মধ্যে দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার প্রতিক্রিয়ায় এই হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা বোঝা যায়। পাল্টাপাল্টি হামলা ও আগুনের ঘটনা গোপালগঞ্জের বাইরেও বিস্তৃত হতে দেখা গেছে।

বিচ্ছিন্নভাবে অন্তত ২০ জেলায় বোমাবাজি ও সহিংসতার ঘটনা ঘটেছে। পাবনায় কয়েক দিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলছে। নড়াইলে বিএনপির দুই নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তার প্রতিক্রিয়ায় সেখানে আওয়ামী লীগের সাবেক, পৌর মেয়রসহ অন্তত ২০টি বাড়ি আক্রান্ত হয়েছে। সেখানে অর্ধশতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। যাকে ভারতীয় মিডিয়া ও বাংলাদেশের আওয়ামী লেসপেন্সাররা সংখ্যালঘুর বাড়িতে হামলা হিসেবে মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। এর আগে ফরিদপুরে আরেক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। এছাড়া আওয়ামী নাশকতায় পৃথকভাবে এক বাসচালক ও হেলপার জীবন্ত পুড়ে কয়লা হয়েছে। পাঁচটি তাজা প্রাণ এক সপ্তাহের মধ্যে কেড়ে নিয়েছে আওয়ামী আগুন-সন্ত্রাসীরা। চব্বিশের অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি একই সঙ্গে বাংলাদেশের রাজনীতি থেকেও বহুদূরে ছিটকে পড়েছে। তাদের সন্ত্রাস ও নিপীড়ননির্ভর রাজনীতি প্রতিরোধে জনদাবির মুখে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তখন থেকেই বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা হুংকার দিচ্ছিলেন, আওয়ামী লীগ ভয়ংকর রূপে ফিরবে। কিন্তু সেই ভয়ংকর রূপ যে এত সহসা দেখা যাবে, তা অনেক রাজনীতি-বিশ্লেষকই হয়তো ভাবতে পারেননি। বিশ্লেষকদের ধারণা ছিল ড.

ইউনূস সরকারের ব্যাপারে তাদের প্রচণ্ড ক্ষোভ থাকলেও নির্বাচিত সরকারকে তারা সময় দিয়ে ধীরে ধীরে রাজনৈতিক অবস্থানকে সংহত করবে। দেড় দশকের অপশাসন, লুটপাট, নিপীড়ন, খুন-গুম, আয়নাঘরের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে অনুতাপ প্রকাশ করবে। জুলাই আন্দোলনে গণহত্যার জন্য ক্ষমা চাইবে। ত্রিশ হাজারের মতো আহতের শরীর-মনের দগদগে ঘা শুকাতে সময় দেবে। কিন্তু পতিত ফ্যাসিস্ট দলটির কাছে এসব প্রত্যাশা দুরাশায় পর্যবসিত হয়েছে। তারা বরং সন্ত্রাস-নৈরাজ্যে ভর করে দ্রুতই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে। অস্বাভাবিক একটি পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে এবং নিরীহ নেতাকর্মীদের তা দেখিয়ে বিভ্রান্ত করছে। পলাতকরা বিদেশে লুটের অর্থে ভোগবিলাসে থেকে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের স্বপ্ন দেখাচ্ছে শিগগির ফিরে আসার। তারা সাধারণ নেতাকর্মীদের বোঝাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল ও অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আরেকটি ওয়ান-ইলেভেনের মতো সেনাসমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে এবং সবার অংশগ্রহণে আগামী বছর আরেকটি নির্বাচন দেবে। সে নির্বাচনে আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তায় ভর করে আবার ক্ষমতায় ফিরবে। আর ক্ষমতায় গিয়ে কড়াগণ্ডায় প্রতিশোধ নেবে। তালিকা ধরে ধরে সবাইকে শায়েস্তা করবে। বিভিন্ন অনলাইন সভায় এমনটাই নেতাকর্মীদের গেলাচ্ছে বিদেশে পলাতকরা। প্রবাদ আছে, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’।

আওয়ামী লীগের নেতাদের অবস্থা হয়েছে ‘মাঠে সন্ত্রাস গোঁফে তেল’। তারা এখনো অনুধাবন করছে না যে ২০০৬ আর ২০২৬-এর ব্যবধান কুড়ি বছরের। এর মধ্যে নতুন প্রজন্ম সাবালক হয়েছে, তারা আওয়ামী লীগকে চিনেছে লুটেরা, নিপীড়ক, গুম-খুন করে গদি টিকিয়ে রাখা রাজনৈতিক অপশক্তি হিসেবে। জেন-জিরা আওয়ামী লীগকে শুধু ক্ষমতা থেকেই উৎখাত করেনি, তাদের অসীম ক্ষমতাধর নেত্রী ও নেতাদের দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করেছে। আওয়ামী লীগের নেত্রী দিল্লিতে পলায়নের পর ২৮ মাস ধরে যতগুলো অডিও বক্তব্য দিয়েছেন, প্রায় প্রত্যেকটিতে সেনাবাহিনীসহ গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালনকারীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তিনি বলছেনÑসব তালিকা করে রাখছেন। প্রত্যেকের ভূমিকার হিসাব নেবেন। তার প্রতিশোধপরায়ণ রাজনীতি যে কতটা নিষ্ঠুর ও ভয়াবহ হতে পারে, এর তরতাজা স্মৃতি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মানসপটে জ্বলজ্বল করছে। অতএব কোন সমীকরণে আরেকটি ওয়ান-ইলেভেন টাইপের ঘটনা ঘটিয়ে তাকে স্বাগত জানাবে? কেউ কি জেনে-বুঝে নিজের জীবনকে বিপন্ন করে? বর্তমানে সামরিক-বেসামরিক যে প্রশাসন আছে, শেখ হাসিনা ফিরলে তাদের পরিণাম কী হবে, তা না বোঝার মতো এতটাই নির্বোধ তারা? অর্বাচীন ও আবেগী নেতাকর্মীরা বিশ্বাস করতে পারেন, স্বপ্নবিলাসী হতে পারেন, কিন্তু ক্ষমতার নিয়ামক কোনো শক্তিই এখন শেখ হাসিনা বা তার ছায়াকেও বাংলাদেশে প্রাসঙ্গিক করে নিজেদের ঝুঁকিতে ফেলবেন না। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে দেখা যায়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সহিংসতা বা সন্ত্রাসের পথ বেছে নিয়ে কোনো রাজনৈতিক দলের দীর্ঘ মেয়াদে জনসমর্থন বা মূলধারার রাজনীতিতে টেকসইভাবে ফিরে আসার উদাহরণ বিরল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗