পোলাও চালের অস্বাভাবিক দাম বাড়ার কারণ কী
একদিকে সুগন্ধি চালের উৎপাদন বাড়ছে, অন্যদিকে কেজিপ্রতি দাম উঠেছে ২০০ থেকে ২৩০ টাকায়। কয়েক মাসের ব্যবধানে পোলাওর চালের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর মালিকরা। বাজারে দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের একাংশ দায়ী করছেন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদনকে। আবার কারো অভিযোগ, বড় চালকল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর মজুতদারি এবং সরবরাহ নিয়ন্ত্রণের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। তবে উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদা কম এবং রপ্তানির পরিমাণও অনুমোদিত কোটার তুলনায় অনেক কম হওয়ায় মূল্যবৃদ্ধির পুরো দায় রপ্তানির ওপর চাপাতে নারাজ সংশ্লিষ্টরা। ফলে প্রশ্ন উঠেছে, উৎপাদন বাড়ার পরও পোলাওর চালের বাজারে এই অস্থিরতার নেপথ্যে আসলে কী? রাজধানীর বাজারে বর্তমানে ভালো মানের খোলা পোলাওর চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায়। নিম্নমানের চালের দামও ১৬০ টাকার আশপাশে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনিগুঁড়া ও কালিজিরা চাল কিনতে হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়।
প্যাকেটজাত চাষী, প্রাণ ও এসিআই ব্র্যান্ডের সুগন্ধি চালের কেজি এখন এই দামে বিক্রি হচ্ছে। অক্টোবরের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৫০ থেকে ৫৩ শতাংশ। গত কয়েক মাসে কোনো কোনো প্যাকেটজাত চালের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে খোলা চালের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দুই মাস আগেও এই চালের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছিল। রপ্তানির পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এক সময় বাংলাদেশের সুগন্ধি চালের বিদেশি বাজারে ভালো অবস্থান ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার। পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ডলারে। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় আরো কমে হয় ১০ লাখ ৭০ হাজার ডলার।
এরপর ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই অর্থবছরে রপ্তানি আয় ছিল মাত্র ৬০ হাজার ডলার। অন্যদিকে, উৎপাদন বাড়ায় রপ্তানির সুযোগ চেয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে সরকার কয়েক দফায় সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয়। গত অর্থবছরে ২৩ হাজার ৯৫৯ টন চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৩ মে প্রথম দফায় ২১১টি এবং পরে আরো ৬৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে ২৭৮ প্রতিষ্ঠানের জন্য ৪৫ হাজার ২৭০ টন চাল রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় অনুমোদিত পরিমাণ প্রায় দ্বিগুণ। তবে অনুমোদন পেলেই পুরো চাল রপ্তানি হয়েছে, এমন নয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ৩০ আগস্ট পর্যন্ত ২৪১৯.৪৩ টন সুগন্ধি চাল রপ্তানি করতে পেরেছে। অর্থাৎ প্রাথমিকভাবে অনুমোদিত পরিমাণের মাত্র ৫.৩ শতাংশের মতো বাস্তবে রপ্তানি হয়েছিল। বাকি প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ হিসাবও তখন মন্ত্রণালয়ের হাতে ছিল না। বাজারে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে থাকায় ৮ সেপ্টেম্বর রপ্তানির অনুমোদিত কোটা অর্ধেক কমিয়ে দেয় সরকার। ফলে ৪৫ হাজার ২৭০ টনের পরিবর্তে সংশোধিত হিসাবে সর্বোচ্চ ২২ হাজার ৬৩৫ টন চাল রপ্তানির সুযোগ রাখা হয়। অনুমোদনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রতি কেজি চালের সর্বনিম্ন এফওবি রপ্তানিমূল্য ১.৬০ ডলার নির্ধারণসহ নজরদারি ও জবাবদিহির জন্য ১০টি শর্ত আরোপ করা হয়েছে।
মতামত দিন