ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ডাকা ধর্মঘটের কারণে আগামী সোমবার বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হতে যাচ্ছে। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরাও জাতীয় পর্যায়ের এ ধর্ম

ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ডাকা ধর্মঘটের কারণে আগামী সোমবার বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হতে যাচ্ছে। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরাও জাতীয় পর্যায়ের এ ধর্মঘটে অংশ নেবেন। বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (জিএমটি সময় সকাল ৬টা থেকে রাত ৮টা) স্বাভাবিক সেবা চালু রাখা সম্ভব হবে না।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘প্রত্যাশিত জনবল দিয়ে এ সময়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে সংশ্লিষ্ট সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’ তবে জরুরি পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় ফ্লাইটের ক্ষেত্রে সীমিত সেবা চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রাসেলস-শার্লেরোয়া বিমানবন্দর জানিয়েছে, ধর্মঘটের কারণে সারাদেশের সব বিমানবন্দরে পুরো এক দিন বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল ছাড়া কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’ একই সঙ্গে শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের সমালোচনা করে তারা বলেছে, এর পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণকারী অধিকাংশ ফ্লাইট বাতিল করতে হবে।

বেলজিয়ামের ক্ষমতাসীন জোট সরকারের ব্যয় সংকোচন ও সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘট ও কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗