চারদিনে গ্রামীণ ব্যাংকের ১০ শাখা ও চার বাসে অগ্নিসংযোগ

রংপুর মহানগরীসহ উত্তরাঞ্চলে একের পর এক ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চার দিনে

রংপুর মহানগরীসহ উত্তরাঞ্চলে একের পর এক ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চার দিনে উত্তরাঞ্চলের ১৭ স্থানে ৪২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এর মধ্যে রংপুর নগরীতে চারটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এছাড়া গ্রামীণ ব্যাংকের ১০ শাখায় আগুন দেওয়া হয়েছে। আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপি, ছাত্রদল-যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রতিনিয়ত শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

তবুও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস, নাশকতা। এদিকে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরপর চারটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করেছেন স্থানীয়রা। পরিবহন মালিক সমিতি জানায়, সাম্প্রতিক নাশকতায় রংপুরে তিনটি বাস এবং একটি মিনি ট্রাক পুড়ে যাওয়ায় প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি ওয়াসিমুল বারী রাজ আমার দেশকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাতে নিজস্ব পাহারা জোরদার করা হয়েছে।

এর পরেও নাশকতার ঘটনা ঘটাচ্ছে খুনি হাসিনার অনুসারীরা। পুলিশের টহল থাকার পরেও পরিবহনে অগ্নিসন্ত্রাস থেমে নেই। পরিবহনের নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দেন তিনি। পরিবহন শ্রমিক আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অগ্নিসংযোগের আতঙ্কে রংপুর-ঢাকা, রংপুর-দিনাজপুর মহাসড়ক এবং উত্তরাঞ্চলের আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে গেছে। গোয়েন্দা বিভাগ বিশ্বস্ত সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরাঞ্চলের আটটি জেলায় ৪২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পাঁচটি, গঙ্গাচড়ায় দুটি, লালমনিরহাটে চারটি, কুড়িগ্রামে তিনটি, নীলফামারীতে পাঁচটি, ঠাকুরগাঁওয়ে দুটি, গাইবান্ধায় ছয়টি, বৃহত্তর দিনাজপুর জেলায় ১২টি এবং পঞ্চগড়ে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৩০টিরও বেশি ককটেল উদ্ধার করেছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রংপুর বিভাগের আট জেলায় নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের দশটি শাখায় অগ্নিসংযোগ এবং প্রধান ফটকে ভাঙচুর করেছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় উল্লেখযোগ্য।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗