Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
কলকাতা: অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য বড়সড় সুবিধা নিয়ে আসতে চলেছে Employees' Provident Fund Organisation বা EPFO। এতদিন অবসরের পর অধিকাংশ সদস্য নিজেদের প্রভিডেন্ট ফান্ডের সম্পূর্ণ টাকা একেবারে তুলে নিতেন। এবার সেই ব্যবস্থায় বদল আনতে Systematic Withdrawal Plan বা SWP চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা CBT এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত সদস্যরা একবারে পুরো টাকা তুলে নেওয়ার পরিবর্তে নির্দিষ্ট সময় অন্তর নিজেদের সঞ্চয়ের একটি অংশ তুলতে পারবেন। আরও পড়ুন: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার এই ব্যবস্থার মূল লক্ষ্য হল, অবসরকালীন সঞ্চয়কে নিয়মিত ও নির্ভরযোগ্য আয়ের উৎসে পরিণত করা। EPFO-র তথ্য অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সি প্রায় ৬ লক্ষ ৩২ হাজার সদস্যের প্রভিডেন্ট ফান্ডে ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয় রয়েছে।
প্রাথমিক পর্যায়ে এই সদস্যরাই নতুন SWP ব্যবস্থার প্রধান সুবিধাভোগী হতে পারেন। হিসাবটা কেমন? কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তির EPF অ্যাকাউন্টে যদি ২০ লক্ষ টাকা জমা থাকে। এবার তিনি যদি আগামী ২০ বছর ধরে অর্থাৎ আগামী ২৪০ মাসে সেই টাকা তুলতে চান, তবে প্রতি মাসে আনুমানিক ১৬ হাজার ৫৪০ টাকা তুলতে পারবেন। এই ক্ষেত্রে সুদের হার ধরা হয়েছে বছরে ৮.২৫ শতাংশ। এই হিসাব অনুযায়ী, প্রথম বছরে মোট প্রায় ১ লক্ষ ৯৮ হাজার টাকা তোলা হবে। অন্যদিকে, অবশিষ্ট সঞ্চয়ের উপর প্রায় ১ লক্ষ ৫৬ হাজার টাকা সুদ হিসাবে জমা হবে।
ফলে বছর শেষে অ্যাকাউন্টে প্রায় ১৯ লক্ষ ৫৮ হাজার টাকা থাকবে। একইভাবে প্রতি মাসে টাকা তোলা এবং অবশিষ্ট অর্থের উপর সুদ জমার প্রক্রিয়া চলতে থাকবে। ২০ বছর শেষে সঞ্চয়ের পরিমাণ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। উল্লেখ্য, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদ প্রতি মাসে জমা হয় না। এই অ্যাকাউন্টে সুদ জমা হয় বছর হিসাব করে। তাই এই হিসাবেও বছরের শেষে সুদের অর্থ অ্যাকাউন্টে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে। বর্তমানে ৫৮ বছর বয়সের পর EPFO সদস্যরা সম্পূর্ণ PF সঞ্চয় তুলে নিতে পারেন।
এর পাশাপাশি, নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন সদস্যরা Employees' Pension Scheme (EPS)-এর আওতায় মাসিক পেনশনও পান। সেটি যদিও প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় থেকে সম্পূর্ণ আলাদা। EPFO জানিয়েছে, SWP ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হলে নমিনি বা নির্ভরশীল ব্যক্তি অবশিষ্ট টাকা এককালীন তুলে নিতে পারবেন অথবা নির্দিষ্ট সময় অন্তর টাকা পাওয়া চালিয়ে যেতে পারবেন। তবে এই নতুন ব্যবস্থার কার্যকরী নিয়মকানুন এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
মতামত দিন