মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই
ছাত্রনেতা থেকে ইসলামি যুব আন্দোলনের সংগঠক, ক্ষমতাসীন দলের মন্ত্রী থেকে উপপ্রধানমন্ত্রী, রাজনৈতিক প্রতিপক্ষ থেকে কারাবন্দি—এরপর দীর্ঘদিনের বিরোধী নেতা হয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব। মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের পথচলা এমনই নাটকীয় উত্থান-পতনে ভরা। একসময় তাকে মাহাথির মোহাম্মদের উত্তরসূরি মনে করা হতো। কিন্তু সেই মাহাথিরের সঙ্গেই ক্ষমতা ও নীতিগত বিরোধে সম্পর্ক ভেঙে যায় তার। দুর্নীতি ও সমকামিতার অভিযোগে কারাবরণ, দীর্ঘ রাজনৈতিক নির্বাসন, বিরোধী জোট গঠন এবং শেষ পর্যন্ত ক্ষমতায় ফেরা—সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব আনোয়ার। ২০২২ সালের ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও তার রাজনৈতিক লড়াই শেষ হয়নি। ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ মতবিরোধ, দলের নেতাদের পদত্যাগ, সংস্কার বাস্তবায়নের ধীরগতি এবং আগামী নির্বাচনের চাপ—সব মিলিয়ে ২০২৬ সালের শেষ দিকে এসেও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন এই প্রবীণ রাজনীতিক। আনোয়ার বিন ইব্রাহিমের জন্ম ১৯৪৭ সালের ১০ আগস্ট মালয়েশিয়ার পেনাং রাজ্যের বুকিত মারতাজামের চেরোক তকুনে। তার বাবা ইব্রাহীম আবদুল রহমান এবং মা চে ইয়ান হুসেইন।
মালয় কলেজ কুয়ালা কানসারে মাধ্যমিক শিক্ষা শেষে ১৯৬৮ সালে মালয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে মালয় স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও ইসলামি যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৮২ সালে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। সংস্কৃতি, যুব ও ক্রীড়া, কৃষি, শিক্ষা এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। ২০২২ সালের ২৪ নভেম্বর দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল; তাদের ছয় সন্তান। বর্তমানে তিনি পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ারের রাজনৈতিক জীবনের শুরু ছাত্রাবস্থায়।
মালয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্র আন্দোলনে সক্রিয় হন। ১৯৭১ সালে ইয়ায়াসান আন্দা আকাদেমিক প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম শিক্ষার্থী ও তরুণদের সংগঠিত করার কাজে যুক্ত হন। ১৯৭২ সালে মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্ট—আবিমের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি পান। সংগঠনটির নেতৃত্বে থেকে তিনি শিক্ষা, সামাজিক ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও তরুণদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কাজ করেন। তার বক্তৃতা ও সাংগঠনিক দক্ষতা দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বলায় তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ে। ১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের আহ্বানে তিনি ইউএমএনওতে যোগ দেন। এর মধ্য দিয়ে বিরোধী ও সামাজিক আন্দোলনের পরিসর থেকে সরাসরি রাষ্ট্রক্ষমতার রাজনীতিতে প্রবেশ করেন আনোয়ার। ইউএমএনওতে যোগ দেওয়ার পর আনোয়ারের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত। ১৯৮২ সালে প্রধানমন্ত্রী বিভাগের উপমন্ত্রী হিসেবে সরকারি দায়িত্ব শুরু করেন।
পরে সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১৯৯০ সালে অর্থমন্ত্রী হন। ১৯৯৩ সালে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তাকে মাহাথিরের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা শুরু হয়। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এশীয় অর্থনৈতিক সংকটের আগে মালয়েশিয়ার অর্থনৈতিক নীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি বাড়ে। ১৯৯৭-৯৮ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইউনেসকোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
মতামত দিন