পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা; দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রায় ৪৭ শতাংশ শিক্ষকের পদ খালি এবং পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা — এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
টাইমস অব বাংলাদেশের দ্বিতীয় প্রধান খবর— Hasina's return plan: AL leaders flock to Kolkata; অর্থাৎ হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা।
এই খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে পশ্চিমা বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা একে একে ভারতে ফিরছেন।
তাদের অনেকে কলকাতায় জড়ো হতে শুরু করেছেন। শেখ হাসিনার সঙ্গে একই সময়ে দেশে ফিরতে চান তারা।
সম্প্রতি পশ্চিমা দেশগুলো থেকে যেসব নেতা কলকাতায় এসেছেন, তাদের বাইরে আরও অনেকে বিভিন্ন দেশ থেকে হাসিনার দেশে ফেরার দিনই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুইজন সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই মধ্যে গত বুধবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করে বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি কার্যকর হতে পারে তার মৃত্যুদণ্ডও।
গ্রেপ্তার কিংবা মৃত্যু–ভাগ্যে যা-ই থাকুক, তা মেনে নিতে তিনি প্রস্তুত বলেও জানান।
দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি নভেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে লন্ডন থেকে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে হাসিনা দেশে ফেরার দিনক্ষণ ও রোডম্যাপ ঘোষণা করতে পারেন।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান খবর— Airfares may rise further as Caab plans up to 33% hike in airport charges; অর্থাৎ বিমানবন্দরের মাশুল ৩৩% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, বিমান ভাড়া আরও বাড়বে।
এই খবরে বলা হয়েছে, এমনিতেই এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে বিমান ভাড়া অন্যতম সর্বোচ্চ। তার ওপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করছে, যার ফলে বিমান ভাড়া আরও বাড়তে পারে।
দৈনিকটির হাতে আসা একটি খসড়া নথিতে বিমান অবতরণ, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ, রুট নেভিগেশন এবং নির্ধারিত সময়ের বাইরে বিমানবন্দর পরিচালনার ফি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এম্বারকেশন ফি বাড়ানোর প্রস্তাবও রয়েছে এতে।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।