হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি
টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর (২৪২) এখন তাওহিদ হৃদয়ের। এর আগে সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের ২১৯ (২০১৮ সালে মিরপুরে)।
হৃদয়ের ১১ ছক্কা টেস্টে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর আগে ইনিংসে ১১ ছক্কা ছিল ছয়জনের। সর্বোচ্চ ১২টি করে ছক্কা আছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল তামিম ইকবালের (২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে)।
প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে পরিণত করার কীর্তি গড়লেন হৃদয়।
টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি হৃদয়। অন্য তিনজন হলেন মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
বাংলাদেশের ৩৮৬ রানে হৃদয়ের একারই ২৪২*, অর্থাৎ, দলের ইনিংসের ৬২.৬৯%ই তাঁর। এটি একটি পূর্ণাঙ্গ ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ অবদান। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটনের ২৫ (৫৮.১৩%)।
হৃদয়ের ২৪২* ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ২০১৮ সালে মিরপুর টেস্টে ১৩৮ রান করেছিলেন মাহমুদউল্লাহ।
১১ ছক্কা ও ২২ চারে মোট ১৫৪ রান করেছে হৃদয়। বাংলাদেশের হয়ে এক ইনিংসে বাউন্ডারিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১ চারে ১২৪ রান বাউন্ডারি থেকে তুলেছিলেন সাকিব আল হাসান।
সিলেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন হৃদয়ের ২৪২*। পেছনে ফেলেছেন ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসানের ১৭১ রানের ইনিংসকে।
বাংলাদেশের সপ্তম উইকেট পড়েছিল ১৮৪ রানে, এরপর যোগ করেছে আরও ২০২ রান। শেষ তিন উইকেটে এটিই তাদের সর্বোচ্চ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।
২৯ রান নিয়ে দিন শুরু করে আজ ২১৩ রান যোগ করেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক দিনের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।