প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ধর্ম মতামত ফিচার

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ধর্ম মতামত ফিচার
ব্রেকিং নিউজ

পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে কি

পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে কি
পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে কি 24TV.Live
বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X

সংক্ষিপ্ত লিংক: https://24tv.live/a/1979

QR কোড স্ক্যান করুন

সংক্ষেপ সংবাদ

পুঁজিবাদ সম্পর্কে দুটি ভবিষ্যদ্বাণীর কোনোটিই সঠিক হয়নি। মার্ক্সবাদী ভবিষ্যদ্বাণী ‘পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে’ এমনটি হয়নি। বরং সমাজতন্ত্রীরাই পুঁজিবাদকে আলিঙ্গন করেছে। অন্যদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের...

সংবাদটি শুনুনবাংলা অডিও পাঠ (Web Speech API)
বিজ্ঞাপন

বিস্তারিত প্রতিবেদন

পুঁজিবাদ সম্পর্কে দুটি ভবিষ্যদ্বাণীর কোনোটিই সঠিক হয়নি। মার্ক্সবাদী ভবিষ্যদ্বাণী ‘পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে’ এমনটি হয়নি। বরং সমাজতন্ত্রীরাই পুঁজিবাদকে আলিঙ্গন করেছে। অন্যদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের প্রত্যাশা, ‘পুঁজিবাদ নিজেই ঠিক হয়ে যাবে’ বা পুঁজি...

পুঁজিবাদ সম্পর্কে দুটি ভবিষ্যদ্বাণীর কোনোটিই সঠিক হয়নি। মার্ক্সবাদী ভবিষ্যদ্বাণী ‘পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে’ এমনটি হয়নি। বরং সমাজতন্ত্রীরাই পুঁজিবাদকে আলিঙ্গন করেছে।

অন্যদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের প্রত্যাশা, ‘পুঁজিবাদ নিজেই ঠিক হয়ে যাবে’ বা পুঁজিবাদের শুরুতে বৈষম্য বাড়ে, পরে কমে, অর্থাৎ আয় ও ধনবৈষম্য এবং সময়ের রেখাচিত্র উল্টো ‘ইউ’-এর মতো, পূর্ণ হয়নি। অর্থাৎ বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার লড়াইয়ে সমাজতন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হলেও পুঁজিবাদ এখন নিজেই সংকটের সম্মুখীন। পুঁজিবাদকে টিকে থাকতে হলে ক্রমাগত প্রবৃদ্ধি লাগে।

কিন্তু সেই প্রবৃদ্ধিই একসময় সংকট তৈরি করে। পুঁজিবাদের প্রধান সংকটগুলো হচ্ছে অলিগার্কদের উদ্ভব; সীমাহীন আয় ও সম্পদের বৈষম্য এবং মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা হ্রাস (অ্যাফোর্ডেবিলিটি)। .প্রতিযোগিতা থেকে একচেটিয়া বণিকগোষ্ঠী বা অলিগার্কের উদ্ভব হয়।

বড় বোয়াল মাছ সব ছোট মাছ খেয়ে ফেলে। তারা কেবল বাজার দখল করেই ক্ষান্ত হয় না। রাষ্ট্র ও তার নীতি দখলে নেয়।

লাভের উৎস বদলে যায়: তারা আর উদ্ভাবন বা ভালো পণ্য বানিয়ে লাভ করে না, লাভ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জেমস টালারিকো সরাসরি অভিযোগ করেন যে তাঁর প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী ব্যয় অর্থায়নের মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক এখন টেক্সাসের সিনেট সিট কিনতে চাইছেন—কিন্তু টেক্সাস বিক্রির জন্য নয়।  দ্বিতীয় সংকটটি হলো, পুঁজিবাদ সৃষ্ট সীমাহীন আয় ও সম্পদের বৈষম্য।

কোভিড অতিমারির সময় দেখা যায় ইউরোপীয় তারকা ফুটবলারদের সাপ্তাহিক আয় সেখানকার স্বাস্থ্যকর্মীদের ১০ বছরের আয়ের সমান। ইউরোপের স্বাস্থ্যকর্মীরা বলতে থাকেন, আক্রান্ত রোগীরা এখন চিকিৎসার জন্য মেসি, রোনালদো, এমবাপ্পে বা হ্যারি কেইনের কাছে যাক। নিউইয়র্ক টাইমস সম্প্রতি খবর দিয়েছে, পুঁজিবাদের মক্কা নিউইয়র্ক শহরে ত্রিশোর্ধ্ব বয়সীদের জন্য বাড়ি কেনা, সন্তান জন্মদান, এমনকি জীবনযাপনও নাগালের বাইরে চলে গেছে।

অথচ আগে ৩০ বছর বয়সের আগেই নিউইয়র্কাররা এসব অবধারিতভাবে অর্জন করত। কেন এমন হলো, এ প্রশ্নের জবাব খুঁজছে সবাই। বর্তমান সময়ে পুঁজিবাদের সংকটের সবচেয়ে প্রখ্যাত তাফসিরকারক হলেন টমাস পিকেটি।

তাঁর বিখ্যাত ক্যাপিটাল ইন দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি বইয়ের ব্যাখ্যাটি দেখা যায়। .পিকেটির মতে, পুঁজিবাদের অন্তর্নিহিত চরিত্রই হলো চরম বৈষম্য তৈরি করা, যা পরবর্তী সময়ে সামাজিক ও রাজনৈতিক সংকটের জন্ম দেয়। বিষয়টি ব্যাখ্যা করতে পিকেটি একটি সহজ অসমতা সূত্রের (r>g) অবতারণা করেছেন।

পুঁজি বা মূলধনের লাভের হার, স্টক মার্কেট, বাড়িভাড়া, লভ্যাংশ বা ব্যবসা থেকে আসা মুনাফা (r) অর্থনৈতিক প্রবৃদ্ধির হার (g) থেকে বেশি, ফলে ধনী-দরিদ্রের বৈষম্য জ্যামিতিক হারে বাড়ে। পিকেটি দেখিয়েছেন ১৭০০-১৯১২ সালে মূলধনের রিটার্ন ছিল গড়ে ৪ দশমিক ৫ শতাংশ, প্রবৃদ্ধি ছিল মাত্র ১ শতাংশ, ১৯১৩-১৯৫০ সালে দুটি বিশ্বযুদ্ধ ও মহামন্দায় মূলধন (r) ধ্বংস হয়ে ২ শতাংশে নেমে আসে আর প্রবৃদ্ধি (g) ছিল ১ দশমিক ৫ শতাংশ। এই সময় (r) ও (g) প্রায় সমান হয়ে যাওয়ায় বৈষম্য সাময়িকভাবে কমে যায়।

১৯৫০-১৯৮০ সালে যুদ্ধোত্তর পুনর্গঠনের ফলে প্রবৃদ্ধি বেড়ে হয় ৩ দশমিক ৫ শতাংশ এবং মূলধনের রিটার্ন ছিল ৪ শতাংশ। এ সময় (r) ও (g) প্রায় কাছাকাছি থাকায় আমেরিকা ও ইউরোপে বৈষম্য সবচেয়ে কম ছিল। ১৯৮০-২০২৫ সালে (r) আবার বেড়ে ৫ শতাংশ হয়েছে, কিন্তু (g) ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

ফলে বিশ্বজুড়ে বৈষম্য আবার বাড়ছে। পিকেটি এ সমস্যার সমাধানে ২ শতাংশ সম্পদ কর ও উচ্চ হারে আয়কর আরোপের প্রস্তাব করেছেন। সমস্যা হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে।

রাজনীতিবিদেরা তো অলিগার্কদের ক্রীড়নক, তারা তো অলিগার্কদের অর্থে নির্বাচন ও জীবন ধারণ করে এবং তাদের করসুবিধা ও রেয়াত দিতে ব্যস্ত। .সমালোচনার জবাবে অলিগার্করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো দানছত্র খুলে বসে। দেখা গেল এসব ফাউন্ডেশন কর ফাঁকি দেওয়া ও রাজনীতি নিয়ন্ত্রণের কৌশল মাত্র।

ফলে বৈষম্য না কমে বরং আরও বেড়েছে। পুঁজিবাদ অক্ষুণ্ন রেখে এর ভাবমূর্তি রক্ষার জন্য এর সঙ্গে পরার্থপরতার মলম যোগ করে নতুন তত্ত্বের উদ্ভব হয়। তেমন একটি তত্ত্ব হচ্ছে পিটার সিঙ্গারের ‘কার্যকর পরার্থপরতা’ তত্ত্ব।

তাঁর বক্তব্য হচ্ছে, কর যদি রাষ্ট্র নিতে না পারে, ব্যক্তি কার্যকর পরার্থপরতায় দিক। ইলন মাস্ক যদি ১০ শতাংশ দান করতেন, ৪০ বিলিয়ন মার্কিন ডলার, যা দিয়ে আট কোটি জীবন বাঁচানো যাবে। যেখানে দান করলে সবচেয়ে বেশি জীবন বাঁচে, সেখানে দাও, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু প্রতিরোধ।

এসব তত্ত্ব দারিদ্র্যের লক্ষণে মলম দেয়। কিন্তু কারণে হাত দেয় না। সিঙ্গারের মতোই, মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্ব হলো ব্যবসা হবে লাভের জন্য নয়, সমস্যা সমাধানের জন্য—বিনিয়োগকারী শুধু আসল টাকা ফেরত নেবে, লাভ নেবে না, লাভ আবার ব্যবসায় যাবে।

এটা পুঁজিবাদের ভেতরেই পুঁজিবাদকে নরম বা গ্রহণযোগ্য করার চেষ্টা, ব্যবস্থাকে বদলায় না। এসব তত্ত্ব পুঁজিবাদের অন্তর্নিহিত প্রণোদনা সমস্যাকে সম্বোধন করে না। ব্যবসা যদি সমস্যা সমাধানের জন্য হতো ও লাভ যদি আবার ব্যবসায় যেত, তাহলে পুঁজিবাদের আর থাকে কী।

সমস্যা সমাধান নয়, সৃষ্টি করে, জিইয়ে রেখে তা থেকে মুনাফা করাই তো পুঁজিবাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অস্ত্রভান্ডার নির্মাণ, অতিমারি সৃষ্টি করে তার প্রতিষেধকের নামে ব্যবসার উদাহরণ তো আমাদের সামনেই আছে। ভালো পুঁজিবাদী, কাঁঠালের আমসত্ত্বের মতো সম্ভব নয়।

.পিকেটির সমাধান ও জাকাতের মধ্যে একটা মিল আছে। তা হলো পিকেটির মতে ২ শতাংশ সম্পদ কর। আর উদ্বৃত্ত সম্পদের ওপর ২ দশমিক ৫ শতাংশ জাকাতের কথা বলা হয়েছে।

কিন্তু জাকাত যে মানুষ দেবে, সে মানুষ কি বর্তমান সমাজে আছে। একটা গল্প বললে বিষয়টা পরিষ্কার হবে। পরিচিত একজন বিত্তশালী বললেন, ভাই এইবার অনেক জাকাত দিলাম।

তিনি বললেন, ৫০ লাখ টাকার বেশি হবে। আমি বললাম, খরচাপাতি বাদ দিয়ে কত টাকা লাভ হয়েছে এবার। আলহামদুলিল্লাহ, তা শ দুয়েক কোটি তো হবেই।

আমি বললাম, আপনার তো পাঁচ কোটি টাকা জাকাত দেওয়ার কথা। তিনি আঁতকে উঠে বললেন, এত টাকা জাকাত দিলে খাব কী। আমি হেসে বললাম, কেন, বাকি ১৯৫ কোটি টাকা।

তা ছাড়া বেশির ভাগ জাকাত ভোগে ব্যবহৃত হয় এবং অমুসলিম দেশে পুঁজিবাদের বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে জাকাতের গ্রহণযোগ্যতার প্রশ্ন থেকেই যায়। .পুঁজিবাদের সংকট দেশে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। জেন-জিরা পটাপট বিভিন্ন দেশে সরকার ফেলে দিচ্ছে।

পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ ও আমেরিকা। কিন্তু আমাদের সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদেরা এ বিষয়ে পিছিয়ে আছেন। দ্রুত তাঁদের এ বিষয়ে গবেষণায় নজর দিতে হবে; রাজনীতিবিদদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তবে একটা বিষয় স্পষ্ট এবং তা হলো, পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে না। নতুন অর্থনৈতিক ব্যবস্থা এখন সময়ের দাবি। মুহাম্মদ ফাওজুল কবির খান অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়মতামত লেখকের নিজস্ব।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ প্রথম আলো থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন