চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এই কমিটি ঘোষণার পরপরই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে পদ পাওয়া সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত এবং সন্তান থাকার অভিযোগ উঠেছে। এ ছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। গতকাল শনিবার কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় জেলা ছাত্রদলের এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য পদপ্রাপ্তদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম।
সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। তাদের মধ্যে সাইমুজ্জামান মিশা বিবাহিত এবং এক সন্তানের জনক বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া আমান উল্লাহ আমানকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। তাদের মধ্যে মাহবুবুর রহমান বিবাহিত বলে অভিযোগ উঠেছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে জানা গেছে।
সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস। অন্যদিকে প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম। তার বিরুদ্ধেও বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক হওয়ার অভিযোগ রয়েছে। জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তাদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটির অন্য কয়েকজন নেতারও সন্তান রয়েছে বলে তারা দাবি করেন। এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোমিন মালিতা। নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের জনক হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ভাই, আমি মিছিলে আছি। একটু পরে আপনার সঙ্গে কথা বলব।
মতামত দিন