খেজুর গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ
শীতের রাতে চারপাশ যখন ঘুমে নিস্তব্ধ, তখন কোমরে দড়ি বেঁধে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে খেজুরগাছে ওঠেন গাছিরা। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে নামানো হয় রস। বাড়ির উঠানে তখন চুলা জ্বালানোর প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকেন পরিবারের নারীরা। রস নামলেই শুরু হয় ছেঁকে নেওয়া, কড়াইয়ে জ্বাল দেওয়া, গুড়ের পাক তৈরি ও পাটালি বাঁধার কাজ। ধোঁয়ায় চোখ জ্বলে, আগুনের তাপে হাত পুড়ে যায়, তবু থামে না কর্মযজ্ঞ। কারণ কয়েক মাসের এই পরিশ্রমের ওপরই নির্ভর করে অনেক পরিবারের সারা বছরের সংসার, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ। চলতি বছরের শীতের আগমন ঘিরে রাজশাহীর গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড় ঘিরে ইতোমধ্যেই কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়েছে। বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে শুরু হয়েছে খেজুর গাছ পরিচর্যার কাজ। কেউ গাছের মাথা পরিষ্কার করছেন, কেউ ডালপালা ছাঁটছেন, আবার কেউ রস সংগ্রহের হাঁড়ি ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। অন্যদিকে বাড়িতে বাড়িতে নারীরা ব্যস্ত গুড় তৈরির চুলা ও উপকরণ প্রস্তুত করতে।
নারী-পুরুষের সম্মিলিত শ্রমে খেজুর গুড়ের মৌসুম যেন গ্রামীণ জনপদে এক উৎসবের আবহ তৈরি করেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজশাহী জেলায় ৯ হাজার মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলাজুড়ে রয়েছে প্রায় ১১ লাখ খেজুর গাছ। উৎপাদিত গুড় স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। রপ্তানিও হচ্ছে বিদেশে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি মৌসুমে এ শিল্প ঘিরে দুই শতাধিক কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। গাছ পরিচর্যা থেকে শুরু করে রস সংগ্রহ, গুড় তৈরি, পরিবহন ও বিপণন পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে। খেজুর গুড় উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ নারীদের নীরব শ্রম ও অবদান। ভোররাতে স্বামীরা যখন গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত থাকেন, তখন বাড়িতে চুলা জ্বালানোর প্রস্তুতি নেন স্ত্রীরা। বড় কড়াইয়ে রস ঢেলে ঘণ্টার পর ঘণ্টা আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।
রসের ঘনত্ব ঠিক রাখা, গুড়ের পাক তৈরি ও পাটালি বাঁধার কাজে প্রয়োজন হয় অভিজ্ঞতা, দক্ষতা ও ধৈর্যের। এক নারী গুড় প্রস্তুতকারক বলেন, ‘শীত পড়লেই আমাদের সংসারে দম ফেলার ফুরসত থাকে না। ও ভোররাতে কুয়াশা ভেঙে গাছে ওঠে রস নামাতে, আর আমি চুলা জ্বালিয়ে বসে থাকি। রস জ্বাল দেওয়া থেকে গুড়ের পাক ধরা পর্যন্ত সারাক্ষণ চোখ রাখতে হয়। হাত পুড়ে যায়, ধোঁয়ায় চোখ জ্বলে, তবু ভালো গুড় তৈরি হলে সব কষ্ট ভুলে যাই।’ আরেক নারী বলেন, শীতের রাতে সবাই যখন লেপের নিচে ঘুমান, তখন তার স্বামী কোমরে দড়ি বেঁধে ঠান্ডার মধ্যে গাছে ওঠেন। এতে ভয় লাগলেও সংসারের কথা ভেবে মন শক্ত করেন তিনি। কয়েক মাসের এই পরিশ্রমেই সারা বছরের সংসার চলে, সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় হয়। অনেক নারী শুধু গুড় তৈরিই করেন না, প্যাকেটজাতকরণ ও বিক্রির কাজেও অংশ নেন। ফলে এ মৌসুমে তাদের শ্রম পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। রাজশাহীর অন্যতম খেজুর গুড় উৎপাদনকারী উপজেলা বাঘা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজারে। গত বছরের তুলনায় গাছ বেড়েছে চার হাজারের বেশি। উপজেলায় ৭৮ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে। বাঘার আড়ানি, তেঁতুলিয়া, পাকুড়িয়া ও আশপাশের গ্রামগুলোতে এখন গাছ পরিচর্যার কাজ চলছে। গাছের মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে পরিচর্যা করছেন গাছিরা। গাছ প্রস্তুতের পর নির্দিষ্ট সময় পরে শুরু হয় রস সংগ্রহ। শীতের তীব্রতা বাড়লে রসের পরিমাণও বাড়বে বলে আশা করছেন তারা।
মতামত দিন