আট দিন সাগরে ভাসিয়ে ৬৫ যাত্রীকে রেখে পালাল পাচারকারী চক্র

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে ওঠার পর টানা আট দিন সাগরে ভেসেছেন ৭২ নারী, পুরুষ ও শিশু। পথিমধ্যে ট্রলারের মাঝিমাল্লা ও মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরোধ দেখা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে ওঠার পর টানা আট দিন সাগরে ভেসেছেন ৭২ নারী, পুরুষ ও শিশু। পথিমধ্যে ট্রলারের মাঝিমাল্লা ও মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরোধ দেখা দিলে এসব যাত্রীকে গত শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারটি ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। ভুক্তভোগীদের দাবি, পাচারকারীরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন। বাকি ৬৫ জন উপকূলে উঠতে পেরেছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে এক শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। তবে ট্রলারে থাকা অন্য যাত্রীদের অনেকেই বিভিন্ন দিকে পালিয়ে গেছেন বলে দাবি করছেন উদ্ধার হওয়া লোকজন। ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হলেও মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে তীরে ভিড়িয়ে তারা পালিয়ে যান। সংশ্লিষ্টদের মতে, গত ১২ নভেম্বর টেকনাফ সদরের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭২ যাত্রীকে ওই ট্রলারে রাখা হয়েছিল।

তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। উদ্ধার হওয়া টেকনাফের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথাকাটাকাটি শুরু হয়। তিনি জানান, বিরোধের জেরে একপর্যায়ে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান।

ওই সময় ট্রলারে থাকা পাচারকারী চক্রের দুজনকে আটকে রাখা হয়েছিল। ইলিয়াসের ভাষ্যমতে, ট্রলারে শিশুসহ মোট ৭২ জন নারী-পুরুষ ছিলেন। তাদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। বাকিরা বিভিন্ন দিকে চলে গেছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗