বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শনিবারের এ হামলায় শিল্পকারখানাটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদি

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শনিবারের এ হামলায় শিল্পকারখানাটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে তারা। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে।

এতে উপসাগরীয় আরব দেশগুলোও জড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে বারবার হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে সর্বশেষ হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে কারখানাটির অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। তবে তখন হামলার ধরন বা সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হয়।

এরপর আবারও সতর্কবার্তা জারি করা হয়। এদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরো বলেছে, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗