ভক্তরসে পরিপূর্ণ সব্যসাচী ও পায়েলের ‘সাধক বামাক্ষ্যাপা’, তারা মায়ে আচ্ছন্ন পাগলপারা যুবকের গল্প মন ছুঁল দর্শকের?

বীরভূমের আটনা গ্রাম। ১৮৮৩ সালের ২২ ফেব্রুয়ারি। জন্মাল গরিব গায়ক ও সাধক সর্বানন্দ চট্টোপাধ্যায় ও গৃহবধূ রাজকুমারী দেবীর এক পুত্র। চতুর্দশী রাত্রির বামদেব প্রহরে তার জন্ম। তাই সর্বানন্দ ছেলের না

বীরভূমের আটনা গ্রাম। ১৮৮৩ সালের ২২ ফেব্রুয়ারি। জন্মাল গরিব গায়ক ও সাধক সর্বানন্দ চট্টোপাধ্যায় ও গৃহবধূ রাজকুমারী দেবীর এক পুত্র। চতুর্দশী রাত্রির বামদেব প্রহরে তার জন্ম। তাই সর্বানন্দ ছেলের নাম রাখলেন বামদেবা। ছবির প্রথম অংশের নায়ক কিন্তু সর্বানন্দ। কেননা বামদেবের জীবনে তাঁর বাবার প্রভাব গভীর। সর্বানন্দর ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায়ের মধুর, শান্ত, লাবণ্যময় অভিনয় ছবির অনেকখানি জুড়ে বিছিয়ে রয়েছে। সাহেব বেশ ভালো গায়ক। তার গান এবং অভিনয় এই ছবির প্রাথমিক সম্পদ। এই ছবির আর এক সম্পদ কিশোর বামার ভূমিকায় শঙ্খদীপের সরল মাধুর্য, মিষ্টি হাসি আর তারা মায়ের প্রতি তার অবিশ্বাস্য ভালোবাসার টান। তার দুই মা।

সে তারাপীঠের দেবী তারাকে ভাবে তার বড়মা। সে বড়মার আদেশ মেনে চলে। সে শুনতে পায় বড়মার কণ্ঠস্বর । নিজের মা রাজকুমারী আর তারাপীঠের বড়মা, কার মন জুগিয়ে চলবে বামা, ছবিতে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় ক্রমশ। বামার মায়ের ভূমিকায় ভারি সাবলীল সুন্দর মোনালিসা চট্টোপাধ্যায়। তবে বামা যত বড় হতে থাকে, ততই সমাজ সংসার তার কাছে অসহনীয় হয়ে ওঠে। বাবা সর্বানন্দ দেহত্যাগ করেন। সংসারের ভার এসে পড়ে বামার ওপর। বামা কিন্তু ক্রমশ তারা মায়ে আচ্ছন্ন এক পাগলপারা যুবক। তিনি সংসারের অযোগ্য। তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য তিনি মন্দিরে তারা মায়ের সঙ্গে থাকবেন। মাকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারেন না।

লোকে তাই তাঁকে খ্যাপা বলে ডাকে। ‘সাধক বামাক্ষ্যাপা’র দৃশ্য বামাক্ষ্যাপার নাম ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। এখান থেকে ছবির শেষ পর্যন্ত এই ছবি দাঁড়িয়ে আছে বামার ভূমিকায় সব্যসাচী চৌধুরির অভিনয়ে। বামাক্ষ্যাপার কাহিনি, তাঁর বর্ণনা যতটুকু পড়েছি, সব্যসাচী সেই বামাকে জীবন্ত করে তুলেছেন, যেমন এক সময়ে গুরুদাস বন্দ্যোপাধ্যায় জীবন্ত করে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণকে। সব্যসাচীর এই চরিত্রের সঙ্গে এত বছর ধরে জড়িয়ে থাকাটা আমাকে বেশ নাড়া দিয়েছে। এটা বামার প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসা ছাড়া সম্ভব হত না। সব্যসাচী মাসের পর মাস বামার চরিত্রে সিরিয়ালে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন। বামাক্ষ্যাপা সব্যসাচী তিনি এই ছবিতে শুধু বামার চরিত্রে অভিনয় করেননি, তিনি গল্পটা লিখেছেন রিসার্চ করে, চিত্রনাট্য লিখেছেন এবং এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষালের পাশাপাশি তিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। সুতরাং সাধক বামার সঙ্গে তাঁর প্রসারিত মানস সংযোগ প্রসঙ্গে সংশয় নেই। এই কারণেই তিনি বামার রূপায়ণে আনতে পেরেছেন এমন প্রাণের রোশন। বামা চরিত্রের দুটি রূপ। এক দিকে তাঁর নিখাদ সারল্য এবং শিশুর সুষমা।

অন্য দিকে তাঁর অনিয়ন্ত্রিত ক্রোধ এবং এক ধরনের আদিম তেজ। এই বৈপরীত্য সব্যসাচী তাঁর অভিনয়ে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই এমন সুদীর্ঘ ছবিতে ধরে রাখতে পেরেছেন গতি ও নাটকীয়তা। সব্যাসাচী ছবিতে এসেছে মন্দিরের পান্ডাদের প্রতাপ ও অত্যাচার। এসেছে ধর্ম এবং জাতিভেদের ঔদ্ধত্য। এসেছে সামাজিক চক্রান্ত, অর্থের অহংকার, দারিদ্রের অসহায় অপমান, লাঞ্ছনা, নিপীড়ন। এবং এসেছে বামাকে তারাপীঠের মধ্যেই খুন করার ষড়যন্ত্র। একদিকে বামার নিরন্তর ঈশ্বর সন্ধান ও সাধনা, অন্য দিকে তাঁর বিরুদ্ধে লিপ্সু সমাজের চতুর চক্রান্ত। এবং ছবির শেষে আমরা দেখি ১৯১১ সালে বৃদ্ধ বামার অলীক নিষ্ক্রান্তি এবং উপলব্ধি করি তাঁর অশেষ করুণা এবং নিশ্চিত ঐশীতা। সঞ্চারিত হয় আমাদের মধ্যে প্রাণিত প্রণাম। এবং এই ছবির বেশ কিছু শ্যামাসংগীত আমাদের প্রাচীন ঐতিহ্যের ধন, ফিরে এসেছে মনোময় ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, ও অতনু মিশ্রর কণ্ঠে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗