আনন্দ শঙ্কর স্মরণে বিশেষ অনুষ্ঠান দুবাইয়ে, উদ্বোধনী নৃত্য পরিবেশনায় কন্যা শ্রীনন্দা
দুবাইয়ের মঞ্চে ফের জীবন্ত হয়ে উঠল শঙ্কর ঘরানার ছন্দ। প্রবাসের মাটিতে সুর আর মুদ্রার মেলবন্ধনে তৈরি হল এক আবেগঘন সন্ধ্যা। দুবাই ক্রিক পার্কের ‘আল আজিয়াল থিয়েটার’-এ সম্প্রতি হয়ে গেল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের নেপথ্যে ছিলেন ‘শঙ্কর ঘরানার’ শিক্ষার্থীরা। বিখ্যাত ‘শঙ্কর ঘরানা’-র আনন্দ শঙ্কর ও তনুশ্রী শঙ্করের প্রতি শ্রদ্ধা জানাতেই শিক্ষার্থীদের এই উদ্যোগ। শঙ্কর ঘরানার ঐতিহ্য আজও কতটা উজ্জ্বল, তার প্রমাণ মিলল এই মঞ্চে। অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন আনন্দ ও তনুশ্রীর কন্যা শ্রীনন্দা শঙ্কর।
বর্তমানে তিনিই শঙ্কর ঘরানার ঐতিহ্য সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন। উদ্বোধনী পর্বে তাঁর নৃত্যে মুগ্ধ হয়ে ওঠেন দর্শক। ‘মিসিং ইউ’-তে নাচেন শ্রীনন্দা। পাশাপাশি আনন্দ শঙ্করের কম্পোজিশনেও নৃত্য পরিবেশিত হয়। ছিল আনন্দ শঙ্করের ‘আ মিউজিকাল ডিসকভারি অফ ইন্ডিয়া’-তে নৃত্য পরিবেশনাও। দর্শকদের মন জয় করে নেয় এই পর্ব। নিজস্ব ছবি শিশু দিবস উপলক্ষে এই বিশেষ আসরে মঞ্চস্থ হয় ‘ফিনিক্স’ নামের একটি মিউজিক্যাল ব্যালে।
গল্পের বুননে ছিল গভীরতা। কঠিন সময়ে বিশ্বজনীন মাতৃত্বের আখ্যান ফুটে ওঠে এতে। উঠে আসে সামাজিক, প্রথাগত ও পৌরাণিক বিধিনিষেধ থেকে নারীর মুক্তির কথাও। এই পুরো অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন এষা সেনগুপ্ত। নৃত্য পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন সোমদত্তা দে মুখোপাধ্যায়। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। ছিমছাম অথচ অর্থবহ চিত্রনাট্যটি লিখেছে পনেরো বছর বয়সী ঋষান সেনগুপ্ত।
সন্ধ্যার শেষ পর্বে ছিল স্মৃতিমেদুর সংগীতানুষ্ঠান। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইক্ষিতা মুখোপাধ্যায় এদিন বাংলা ও হিন্দি গান গেয়ে দর্শকদের ভাসিয়ে দেন। এষা সেনগুপ্ত ও সোমদত্তা দে মুখার্জির কথায়, দুবাইয়ের মাটিতে বেশ কিছু বছর ধরে নিজেদের মতো করে বাংলা তথা ভারতীয় সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রবাসে শিকড়ের টান এভাবেই বেঁচে থাকে শিল্পের ছোঁয়ায়।
মতামত দিন