রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত নন কিয়েভের বাসিন্দারা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও শহরের বাসিন্দাদের মধ্যে তেমন আতঙ্ক দেখা যাচ্ছে না। তাদের বিশ্বা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও শহরের বাসিন্দাদের মধ্যে তেমন আতঙ্ক দেখা যাচ্ছে না। তাদের বিশ্বাস, সেতু ক্ষতিগ্রস্ত হলেও ভেঙে পড়েনি; প্রয়োজন হলে মেরামত করে আবার চালু করা যাবে। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। গত মঙ্গলবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের নর্দার্ন ব্রিজের সড়কে বেশ কয়েকটি গর্ত তৈরি হয়। সেতুটি দিয়ে স্বাভাবিক সময়ে বহু লেনের যান চলাচল করলেও বর্তমানে কেবল গণপরিবহন চলাচলের অনুমতি রয়েছে। শহরের কেন্দ্রের দিকে যাওয়ার সময় বাসগুলোকে ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে একমাত্র সচল লেন ব্যবহার করতে হচ্ছে।

৬৫ বছর বয়সী বাসচালক মাইকোলা প্রতিদিন তার পুরোনো যাত্রীবাহী মিনিবাস নিয়ে এই সেতু পার হন ২০ থেকে ২৪ বার। সেতুর সড়কে গর্ত থাকার বিষয়ে তার তেমন উদ্বেগ নেই। তিনি বলেন, ‘সড়কে গর্ত থাকলে কী হয়েছে? সেতু তো ভেঙে পড়েনি। সেতু নির্মাণ সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার।’ মাইকোলার মতে, একটি সেতু পুরোপুরি ধ্বংস করা খুব কঠিন। এ জন্য বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। একটি বা দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করলেই সব শেষ হয়ে যাবে, এমন নয়।

তার এই আত্মবিশ্বাসের মধ্যেই মঙ্গলবারের হামলায় তৈরি হওয়া গর্তগুলো দুপুরের মধ্যে মেরামত করে ঢেকে দেওয়া হয়। গত অক্টোবরের শুরু থেকে কিয়েভের বিদ্যুৎ, গরম পানি ও পানি সরবরাহব্যবস্থার পাশাপাশি সেতুগুলোতেও হামলা চালাচ্ছে রাশিয়া। এর লক্ষ্য, শহরের পশ্চিমাংশের কেন্দ্রীয় এলাকা থেকে পূর্বাংশকে বিচ্ছিন্ন করে দেওয়া। পূর্বাঞ্চলে মূলত নতুন আবাসিক এলাকা রয়েছে, যেখানে কিয়েভের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বসবাস করেন। এ সপ্তাহেও শহরের সেতুগুলোতে দুই দফা হামলা চালানো হয়। মঙ্গলবারের হামলার পর বৃহস্পতিবার রাতে আবারও হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী কের্চ সড়কসেতুর ক্ষতিসাধনের জবাবে আরও ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

শুক্রবার পর্যন্ত কিয়েভের অন্য প্রধান সড়কসেতু সাউদার্ন ব্রিজ দিয়ে শুধু পূর্ব থেকে পশ্চিমমুখী যান চলাচলের অনুমতি ছিল। শুক্রবার ভোরে ক্ষতিগ্রস্ত নতুন পোদিলস্কি ব্রিজেও চলাচল সীমিত করা হয়। আগের রাতে হামলায় ছয়জন নিহত হওয়ার পর নগরীর মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের গাড়ি ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন। তবে নর্দার্ন ব্রিজ দিয়ে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। সাইকেল ও স্কুটার চালক এবং পথচারীরাও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা উপেক্ষা করে সেতুটি পার হচ্ছেন। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে ডিনিপ্রো নদীর ওপর ভাসমান পন্টুন সেতু নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এ ধরনের আটটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗