চাকরি নাকি স্বাধীন পেশা, কর্মজীবনে কোন পথ বেছে নেবেন
একসময় ভালো কর্মজীবন বলতে বোঝানো হতো প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি, নির্দিষ্ট বেতন, কর্মঘণ্টা, পদোন্নতি এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা। কিন্তু প্রযুক্তির বিস্তার, ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং কাজের ধরনে পরিবর্তনের কারণে কর্মজীবনের সেই প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। এখন অনেকেই চাকরির পাশাপাশি কিংবা চাকরি ছেড়ে স্বাধীনভাবে কাজ করছেন। কেউ ফ্রিল্যান্সার, কেউ পরামর্শক, কেউ উদ্যোক্তা, আবার কেউ নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে পুঁজি করে গড়ে তুলছেন ব্যক্তিগত পেশাগত পরিচয়। এই পরিবর্তনে চাকরিজীবী ও স্বাধীন পেশাজীবীদের মধ্যে তুলনা নতুন গুরুত্ব পেয়েছে। এক পক্ষের কাছে নিয়মিত আয় ও প্রাতিষ্ঠানিক সুবিধা বড় বিষয়, অন্য পক্ষের কাছে নিজের সিদ্ধান্তে কাজ করা এবং পেশাগত স্বাধীনতা বেশি আকর্ষণীয়। তবে বাস্তবতা হলো, দুই ব্যবস্থার কোনোটিই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।
বরং ব্যক্তির দক্ষতা, আর্থিক অবস্থা, কাজের ক্ষেত্র, পারিবারিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর নির্ভর করে কোন পথ কতটা কার্যকর হবে। বাংলাদেশের শ্রমবাজারের পরিসংখ্যানেও নিজস্ব উদ্যোগে কাজ করার একটি বড় উপস্থিতি দেখা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, কর্মে নিয়োজিত মানুষের মধ্যে ৩ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ছিলেন নিজস্ব হিসাবে কর্মরত বা ‘ওন-অ্যাকাউন্ট ওয়ার্কার’। অন্যদিকে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা ছিল ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার। এই হিসাব থেকে বোঝা যায়, দেশের কর্মসংস্থানে নিজস্ব উদ্যোগে কাজ করার ভূমিকা উল্লেখযোগ্য। তবে নিজস্ব হিসাবে কর্মরত সবাই উচ্চদক্ষ ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী নন। এই শ্রেণিতে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, দোকানি, কারিগর, পরিবহনকর্মীসহ বিভিন্ন ধরনের স্বনিয়োজিত মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন।
ফলে এই পরিসংখ্যানকে সরাসরি বাংলাদেশের ফ্রিল্যান্সার বা পেশাদার পরামর্শকের সংখ্যা হিসেবে বিবেচনা করা যাবে না। অন্যদিকে বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৯ লাখ। মোট শ্রমশক্তি ছিল প্রায় ৭ কোটি ১৭ লাখ। একই সময়ে বেকারের সংখ্যা ছিল প্রায় ২৬ লাখ ২০ হাজার এবং বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৬৬ শতাংশ। কর্মসংস্থানের মধ্যে কৃষি খাতের অংশ ছিল প্রায় ৪৪ দশমিক ৭ শতাংশ, শিল্প খাতে ১৭ দশমিক ৪ শতাংশ এবং সেবা খাতে ৩৮ শতাংশ। এই পরিসংখ্যান বাংলাদেশের কর্মসংস্থানের সামগ্রিক চিত্র তুলে ধরে। দুটি ধারণা কাছাকাছি হলেও এক নয়।
স্বনিয়োজিত বলতে সাধারণভাবে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি কোনো প্রতিষ্ঠানের নিয়মিত বেতনভুক্ত কর্মী না হয়ে নিজের উদ্যোগে কাজ করেন বা ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে স্বাধীন পেশাজীবী বলতে সাধারণত এমন দক্ষ ব্যক্তিকে বোঝায়, যিনি নিজের পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও বিশেষায়িত দক্ষতা ব্যবহার করে স্বাধীনভাবে সেবা দেন। যেমন—ফ্রিল্যান্স সাংবাদিক, গ্রাফিক ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, স্থপতি, আইনজীবী, চিকিৎসক, হিসাব পরামর্শক, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও স্বতন্ত্র ব্যবসা পরামর্শক। উদাহরণ হিসেবে একজন ক্ষুদ্র দোকানি এবং একজন স্বাধীন সফটওয়্যার ডেভেলপার—দুজনই স্বনিয়োজিত হতে পারেন। কিন্তু তাদের কাজের ধরন, বাজার, দক্ষতার প্রয়োজন, আয় নির্ধারণ এবং পেশাগত সুযোগ এক নয়।
মতামত দিন