শতবর্ষের অভিযাত্রায় টেলিভিশন, বদলে যাচ্ছে দেখার জগৎ
টেলিভিশন একসময় ছিল ঘরের সবচেয়ে আকর্ষণীয় জানালা। নির্দিষ্ট সময়ে সম্প্রচারিত সংবাদ, নাটক, খেলা কিংবা বিনোদন দেখতে পরিবারের সদস্যরা একসঙ্গে বসতেন পর্দার সামনে। রাষ্ট্রীয় ঘোষণা থেকে শুরু করে যুদ্ধের খবর, চাঁদে মানুষের পদার্পণ থেকে বিশ্বকাপের উত্তেজনা—পৃথিবীর বড় বড় ঘটনা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনে সেই পরিচিত টেলিভিশন এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা দর্শকের অভ্যাস যেমন বদলে দিচ্ছে, তেমনি বদলে দিচ্ছে টেলিভিশন শিল্পের কাঠামোও। ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস। জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালনের উদ্দেশ্য শুধু একটি প্রযুক্তির উদ্ভাবন স্মরণ করা নয়; বরং তথ্য, শিক্ষা, সংস্কৃতি, জনমত গঠন এবং বিশ্বব্যাপী যোগাযোগে টেলিভিশনের ভূমিকা তুলে ধরা। ২০২৫ সালে টেলিভিশনের প্রথম স্বীকৃত চলমান ছবি প্রদর্শনের শতবর্ষ পূর্ণ হয়েছে। আর ২০২৬ সালে টেলিভিশন প্রবেশ করছে তার দ্বিতীয় শতকে—যেখানে সম্প্রচার ও ইন্টারনেট ক্রমেই একীভূত হচ্ছে, পর্দা হচ্ছে আরো উন্নত, আর দর্শক নিজেই বেছে নিচ্ছেন কখন, কোথায় ও কী দেখবেন।
টেলিভিশনের আবিষ্কার কোনো একক বিজ্ঞানী বা উদ্ভাবকের একক প্রচেষ্টার ফল নয়। এর পেছনে রয়েছে উনিশ শতকের শেষভাগ থেকে শুরু হওয়া বহু গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি। টেলিগ্রাফ, টেলিফোন ও চলমান ছবি ধারণের প্রযুক্তি উদ্ভাবনের পর বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন, শব্দের মতো ছবিও কি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব? ১৮৮৪ সালে জার্মান উদ্ভাবক পল নিপকো একটি ছিদ্রযুক্ত ঘূর্ণায়মান চাকতির মাধ্যমে ছবি স্ক্যান করে পাঠানোর ধারণা পেটেন্ট করেন। এই প্রযুক্তি পরবর্তী সময়ে যান্ত্রিক টেলিভিশন উদ্ভাবনের ভিত্তি তৈরি করে। ১৯০০ সালে রুশ প্রকৌশলী কনস্তান্তিন পারস্কি প্রথমবারের মতো ‘টেলিভিশন’ শব্দটি ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। শব্দটির অর্থ দূর থেকে দেখা। তবে সে সময় প্রয়োজনীয় প্রযুক্তি ও বৈদ্যুতিক সক্ষমতার অভাবে ধারণাটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী কয়েক দশকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে কাজ চালিয়ে যান।
স্কটিশ প্রকৌশলী জন লোগি বেয়ার্ড তাদের মধ্যে অন্যতম। ১৯২৫ সালের ২ অক্টোবর তিনি নিজের যান্ত্রিক টেলিভিশন ব্যবস্থায় প্রথমবারের মতো একজন পরীক্ষাগার সহকারীর চলমান ছবি প্রদর্শন করেন। এর কয়েক মাস পর, ১৯২৬ সালের ২৬ জানুয়ারি লন্ডনে প্রায় ৫০ জন বিজ্ঞানী ও একজন সংবাদকর্মীর সামনে তার আবিষ্কৃত ‘টেলিভাইজার’ যন্ত্রের প্রকাশ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পর্দায় তখন অস্পষ্ট ও ঝাপসা ছবি দেখা গেলেও এটি ছিল প্রযুক্তির ইতিহাসে যুগান্তকারী ঘটনা। বেয়ার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের চার্লস ফ্রান্সিস জেনকিনসও ‘রেডিওভিশন’ প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। অন্যদিকে ফিলো ফার্নসওর্থ ও ভ্লাদিমির জভোরিকিনের মতো উদ্ভাবকেরা সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৩০-এর দশকে যান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক প্রযুক্তি জনপ্রিয় হতে শুরু করে। ফলে আরো উন্নত মানের ছবি ধারণ, সম্প্রচার ও প্রদর্শন সম্ভব হয়। তাই টেলিভিশনের আবিষ্কারকে একজন ব্যক্তির কৃতিত্ব হিসেবে দেখার চেয়ে বহু উদ্ভাবকের সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করাই ইতিহাসসম্মত।
প্রাথমিক পর্যায়ে টেলিভিশন ছিল ব্যয়বহুল ও সীমিত প্রযুক্তির একটি যন্ত্র। ১৯২০-এর দশকের শেষ দিকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হলেও ১৯৪০-এর দশক পর্যন্ত খুব বেশি দেশে নিয়মিত সম্প্রচারব্যবস্থা গড়ে ওঠেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে টেলিভিশন সেটের উৎপাদন ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। যুদ্ধ শেষে শিল্প উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে টেলিভিশন দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। যুক্তরাষ্ট্রের উদাহরণ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। ১৯৪৬ সালে দেশটিতে টেলিভিশন সেটের সংখ্যা ছিল আনুমানিক ৪৪ হাজার। কিন্তু ১৯৫২ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৪৩ লাখে। একই সময়ে দেশটিতে টেলিভিশন স্টেশনের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে।
মতামত দিন