নতুন নেপাল, পুরনো প্রতিবেশী- বালেন্দ্র শাহের ভারত পরীক্ষা
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে। দেশটির নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে নেপালের ক্ষমতায় আসার পর এটিই ভারতে তার প্রথম দ্বিপক্ষীয় সফর। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল।
র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ৩৬ বছর বয়সী শাহ দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছাবেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং অগাস্টে নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তার প্যাকেজসহ বিভিন্ন বিস্তৃত বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। হিমালয় অঞ্চলের দেশটিতে ওই দুর্যোগে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন।
এখনো হাজারো মানুষ নিখোঁজ এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা মূলত উন্মুক্ত। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল একটি কৌশলগত বাফার রাষ্ট্র।
বিশ্লেষকরা মনে করেন, দেশটির স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। তবে কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির প্রভাবশালী 'বড় ভাই' সুলভ মনোভাব নিয়ে নেপালের অনেকের অসন্তোষের কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
মতামত দিন