আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে তারা। শুক্রবার দিনভর এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। ঢাকা ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সিলেট ও নওগাঁর বদলগাছীসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জানিয়েছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায় দলটি। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল।
তিনি আরো বলেন, প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি, বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী প্রমুখ।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে এর প্রতিবাদে চৌমুহনী পৌর বিএনপি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয়।
মতামত দিন