ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার পর ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করলেও ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের নিকটবর্তী হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংস্থাটি জানায়, দুর্বল হতে থাকা এই সিস্টেমটির প্রভাবে আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছালে এর প্রভাবে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে।
বিশেষ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, সিস্টেমটি আরও দুর্বল হয়ে লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে।
এর ফলে সৃষ্ট বৃষ্টিবলয়টি আগামী ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং ওই দিনই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে আগামী ২৪ নভেম্বর নাগাদ প্রায় সারা দেশ থেকেই এই বৃষ্টিবলয় পুরোপুরি বিদায় নিতে পারে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।The post ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দেশে টানা বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন