নতুন টেন্ডারে যাচ্ছে রেলের টিকিটিং, চালু হচ্ছে লোকাল-কমিউটার ট্রেন

আগামী জানুয়ারিতেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সুযোগ না রেখে নতুন সেবাদাতা নিয়

আগামী জানুয়ারিতেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সুযোগ না রেখে নতুন সেবাদাতা নিয়োগে এরই মধ্যে উন্মুক্ত দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। বিগত প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশ রেলওয়েকে টিকিটিং সেবা দিয়ে আসছে সহজ-সিনেসিস ডটকম। কিন্তু তাদের সেবা নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

যাত্রীদের অভিযোগ, টিকিট ছাড়ার নির্ধারিত সময়ে (বিশেষ করে সকাল ৮টায়) ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে প্রচণ্ড চাপ পড়ে। এ কারণে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব আসন ‘বুকড’ বা শেষ হয়ে গেছে বলে দেখানো হয়; যা সাধারণ যাত্রীদের মধ্যে কালোবাজারি ও সিন্ডিকেটের সন্দেহ তৈরি করছে। মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ সম্পন্ন হওয়ার পরও অনেক সময় টিকিট ইস্যু হয় না। আবার অসফল লেনদেনের টাকা ফেরত (রিফান্ড) পেতে যাত্রীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। যেকোনো সমস্যায় হেল্পলাইন বা ইমেইলে যোগাযোগ করলে তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় না। এমন প্রেক্ষাপটে সহজ ডটকমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়ে আফজাল হোসেন বলেন, ‘নতুন সেবাদাতা নিয়োগের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

উন্মুক্ত এই দরপত্রে যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন; প্রতিযোগিতার মাধ্যমে যে সর্বনিম্ন দরদাতা হবে এবং যার কোম্পানির সক্ষমতা দেখা হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।’ কর্মশালার বিকেলের অধিবেশনে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব মো. ফাহিমুল ইসলাম। রেলওয়ের লোকবল, ইঞ্জিন ও কোচ সংকট এবং লোকসান কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়ে রেলসচিব জানান, মিটারগেজে তীব্র লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট রয়েছে। তবে ২০২৯ সালের মধ্যে মিটারগেজে ৮০টি নতুন লোকোমোটিভ যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টির দরপত্র প্রক্রিয়া চলমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টির প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং বিশ্বব্যাংকের ‘গ্রিন রেলওয়ে’ প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও পণ্যবাহী (ফ্রেইট) ট্রেনের জন্য আরও ২০টি লোকোমোটিভ সংগ্রহের সম্ভাব্যতা যাচাই চলছে। ক্রয়াদেশ দেওয়ার পর সরবরাহ পেতে আড়াই বছর সময় লাগে বিধায় ২০২৯ সালের মধ্যে এগুলো পাওয়া যাবে।

রেলওয়ের অপারেটিং রেশিও বর্তমানে ১ দশমিক ৯১ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে কোনো রেলওয়েই কেবল যাত্রী পরিবহন করে লাভ করতে পারে না। বর্তমানে দেশে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেল বহন করে এবং ৮৬-৮৭ শতাংশ সড়কপথে যায়। রেলের পণ্য পরিবহন সক্ষমতা ২০ শতাংশে উন্নীত করা গেলে এক টাকা খরচ করে এক টাকা আয় অর্থাৎ ‘ব্রেক ইভেন’ বা লাভ-লোকসান সমান পর্যায়ে আনা সম্ভব হবে। রেলসচিব আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারতের রাইটস লিমিটেড থেকে পাওয়া ১৮টি নতুন কোচের প্রথম লটের ১২টি দিয়ে সম্প্রতি ঢাকা-পাবনা নতুন ট্রেন চালু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ঢাকা-খুলনা রুটে আরেকটি ট্রেন চালুর আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗