মেট্রোরেল ব্যবস্থাপনায় পরিবর্তনের আভাস, নতুন প্রকল্প আসছে
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মানবসম্পদ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী বছরের মার্চের আগেই এ পরিবর্তন দৃশ্যমান হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএল বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক। শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। এ সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম উপস্থিত ছিলেন। মেট্রোরেল পরিচালনায় জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার থেকে প্রেষণে কর্মকর্তা নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে।
বিভিন্ন সময়ে মেট্রোরেল দুর্ঘটনার পর সরকারি-বেসরকারি পর্যায়ের পর্যালোচনা সভায় কারিগরি দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)ও মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ডিএমটিসিএল বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক জানান, ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে জাইকার সহযোগিতায় আগামী ১ জুলাই থেকে একটি পূর্ণাঙ্গ প্রকল্প চালু হতে যাচ্ছে। এ ছাড়া বিশ্বব্যাংকের অধীনে মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে নিয়োজিত কারিগরি জনবলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ডিএমটিসিএলের নিজস্ব সার্ভিস রুল না থাকায় বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে নানা জটিলতা রয়েছে।
এ বিষয়ে সড়ক সচিব জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব সার্ভিস রুল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমানে এটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। কর্মশালায় দেশের সামগ্রিক পরিবহনব্যবস্থার বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও আলোচনা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট পরিবহন লোডের প্রায় ৮০ শতাংশ সড়কের ওপর নির্ভরশীল। এ অতিরিক্ত চাপ কমানো না গেলে নির্ধারিত আয়ুষ্কালের আগেই সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে যানজট। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.
মনিরুজ্জামান এ প্রসঙ্গে জানান, সড়কের ওপর চাপ কমাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় একটি সমীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় সমন্বিত মাল্টিমোডাল মাস্টারপ্ল্যান তৈরির জন্য কারিগরি সহায়তা প্রকল্প প্রস্তাব (টিএপিপি) পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৮ সালের মার্চ নাগাদ এ পরিকল্পনা চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন