চুপিসারেই শরীরে বাসা বাঁধে প্রস্টেট ক্যানসার! আক্রান্ত মার্লন জ্যাকসন, লক্ষণ জেনে নিন

৬৯ বছর বয়সে এসে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন জ্যাকসন ৫ ব্যান্ডের গায়ক মার্লন জ্যাকসন। গত চার বছর ধরে স্টেজ ৪ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি। ইতিমধ্যে অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে প্রস্

৬৯ বছর বয়সে এসে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন জ্যাকসন ৫ ব্যান্ডের গায়ক মার্লন জ্যাকসন। গত চার বছর ধরে স্টেজ ৪ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি। ইতিমধ্যে অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে প্রস্টেট গ্রন্থি। তার পর রেডিয়েশন থেরাপিও নিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের লড়াইয়ের কথা জানিয়ে মার্লন বলেন, এখন তিনি ভালো আছেন। সপ্তাহে চার দিন প্রায় চার মাইল করে হাঁটেনও। তাঁর এই অসুস্থতার খবর ফের সামনে আনল পুরুষদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসমস্যা। প্রস্টেট ক্যানসার। এমন এক রোগ, যা প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনও জানানই দেয় না। যখন উপসর্গ স্পষ্ট হয়, তত দিনে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যত্রও। প্রস্টেটের অন্দরে কী ঘটে? প্রস্টেট হল মূত্রথলির ঠিক নীচে অবস্থিত ছোট একটি গ্রন্থি।

পুরুষদের প্রজননতন্ত্রের এই গ্রন্থি থেকে তৈরি তরল বীর্যের অন্যতম উপাদান। প্রস্টেটের কোষ অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করলে ক্যানসারের সম্ভাবনা বাড়ে। রোগ যখন প্রস্টেটের গণ্ডি ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে, তখন তা চতুর্থ পর্যায়ে পৌঁছয়। স্টেজ ৪এ-তে ক্যানসার আশপাশের গ্রন্থিতে ছড়ায়। আর স্টেজ ৪বি-তে তা হাড়, ফুসফুস, লিভার বা শরীরের দূরবর্তী গ্রন্থিতেও পৌঁছে যায়। প্রস্টেটের বাইরে ক্যানসার ছড়িয়ে পড়লে তাকে অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক প্রস্টেট ক্যানসার বলা হয়। মার্লন জ্যাকসন। ছবি: সংগৃহীত যে লক্ষণ দেখলে সতর্ক হবেন এই ক্যানসারের অন্যতম সমস্যা, প্রথম দিকে অধিকাংশ পুরুষের শরীরেই কোনও উপসর্গ দেখা যায় না। প্রাথমিক পর্যায়ে ব্যথা থাকে না, এমনকী শরীরে যে কোনও সমস্যা হচ্ছে, তার স্পষ্ট কোনও ইঙ্গিতও মেলে না। তবে রোগ বাড়তে থাকলে প্রস্রাবের কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাবের ফ্লো দুর্বল হয়ে যাওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ পাওয়া বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরনো। এ ছাড়াও কোমর ও হাড়ে একটানা ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে।

বিশেষ করে দীর্ঘদিনের কোমর বা হাড়ের ব্যথাকে শুধু বয়সের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। চিকিৎসকদের সতর্কবার্তা, হঠাৎ তীব্র পিঠের ব্যথা, পায়ে দুর্বলতা, কুঁচকির আশপাশে অসাড়তা বা প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানোর মতো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মেরুদণ্ডে ক্যানসার ছড়িয়ে স্নায়ুরজ্জুর উপর চাপ তৈরি হলে এমন উপসর্গ দেখা দিতে পারে। এটি জরুরি চিকিৎসার পরিস্থিতি। উপসর্গকে অবহেলা নয়। ছবি: প্রতীকী কোন পরীক্ষায় ধরা পড়ে? প্রস্টেট ক্যানসার শনাক্ত করার প্রাথমিক উপায় পিএসএ (প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন) রক্ত পরীক্ষা। পাশাপাশি চিকিৎসক ডিআরই (ডিজিটাল রেক্টাল এগজামিনেশন) পদ্ধতিতে প্রস্টেট গ্রন্থির অবস্থা পরীক্ষা করেন। পিএসএ-র মাত্রা বেশি হলেই যে ক্যানসার হয়েছে, এমন নয়। তবে সন্দেহ তৈরি হলে মাল্টিপ্যারামেট্রিক এমআরআই, প্রস্টেট বায়োপসি এবং পিএসএমএ পেট-সিটি স্ক্যানের সাহায্য নেওয়া হয়। চতুর্থ পর্যায়েও কি চিকিৎসা সম্ভব? ক্যানসার শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়লে সাধারণত সম্পূর্ণ নির্মূল করা কঠিন।

তবে তার অর্থ চিকিৎসার আর কোনও সুযোগ নেই, এমন নয়। আধুনিক চিকিৎসায় অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগের বিস্তার ও রোগীর শারীরিক অবস্থা বুঝে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি, অ্যাবিরাটেরোন, এনজালুটামাইডের মতো ওষুধ, কেমোথেরাপি এবং রেডিয়েশন দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কমে রোগের জটিলতা। ছবি: প্রতীকী কখন থেকে পরীক্ষা করাবেন? উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে প্রস্টেট পরীক্ষার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি। চিকিৎসকদের পরামর্শ, ঝুঁকি থাকলে ৫০ বছর বয়সের কাছাকাছি পিএসএ পরীক্ষা ও প্রস্টেট পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা উচিত। পরিবারে প্রস্টেট ক্যানসারের ইতিহাস থাকলে আরও কম বয়সে পরীক্ষা শুরু করার প্রয়োজন হতে পারে। তবে বয়স ও ব্যক্তিগত ঝুঁকি বুঝেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ, প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে অস্ত্রোপচার বা রেডিয়েশনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ থাকে। তাই প্রস্রাবের সমস্যা বা শরীরের অন্য কোনও অস্বাভাবিক পরিবর্তনকে বয়সের স্বাভাবিক লক্ষণ ভেবে ফেলে রাখবেন না।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗