আর কতদিন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করলেও এর প্রভাবে দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে হালকা থেকে অতি ভারী বর্ষণ এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। একই সঙ্গে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং ১৪টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। হেমন্তের শেষ দিকে এসে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বর্ষণও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এমন বৃষ্টি অস্বাভাবিক নয়। বরং সাগরে কোনো লঘুচাপ দেখা দিলে এ অঞ্চলে এমন আবহাওয়া বিরাজ করে। এদিকে নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, ‘এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।’ তাই অনেকেই শীতের কাপড় ও লেপ-কম্বল নামাতে শুরু করেন। কিন্তু চলমান এই বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দেবে, নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে?
আর এবারের শীতই-বা কেমন হতে পারে? শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। এদিন সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
তবে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তখনো বৃষ্টি শুরু হয়নি। শিগগিরই এসব বিভাগেও বৃষ্টি হতে পারে বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। বৃষ্টির পরিমাপক শ্রেণি অনুযায়ী, কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে যশোরে অতি ভারী বর্ষণ হয়েছে।
মতামত দিন